বাংলাদেশ

আল্লামা শফীর দাফন সম্পন্ন

বাংলাদেশের সর্ববৃহৎ ও সর্বপ্রাচীন ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানটি হাটহাজারী দারুল উলুম মুঈনুল ইসলাম মাদরাসার মহাপরিচালক এবং হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ দাফন সম্পন্ন হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) জোহরের নামাজের পর দুপুর ২টায় হাটহাজারী দারুল উলুম মুঈনুল ইসলাম মাদরাসা মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে জানাজায় ইমামতি করেন তার বড় ছেলে রাঙ্গুনিয়া পাখিয়ারটিলা কওমি মাদরাসার মুহতামিম মাওলানা মোহাম্মদ ইউসুফ মাদানি। জানাজা শেষে হাটহাজারী মাদ্রাসা ক্যাম্পাসের অভ্যন্তরে বায়তুল আতিক জামে মসজিদের সামনের কবরস্থানে আল্লামা শফীকে দাফন করা হয়।

বাংলাদেশের শীর্ষস্থানীয় এই আলেমে-দ্বীনের জানাজার রূপ নেয় মহাজনসমুদ্রে। আল্লামা শফীকে শেষবারের মতো একবার দেখতে লাখো মানুষের ঢল নামে চট্টগ্রামের হাটহাজারী এলাকায়। কয়েক বর্গ কিলোমিটার এলাকায় নামাজে জানাজায় শরিক হন লাখ লাখ মানুষ।

আল্লামা শফীর অগণিত ছাত্র চিৎকার করে কাঁদতে থাকেন। জানাজা পূর্ব লাখো মানুষের সমাবেশে এক শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। সংক্ষিপ্ত বক্তব্যে স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেন, এদেশে মাদরাসা শিক্ষা তথা কওমি ধারার শিক্ষা বিস্তার ও প্রসারে আল্লামা শাহ আহমদ শফী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার একান্ত প্রচেষ্টায় এদেশের কওমি মাদরাসার সনদের স্বীকৃতি পাওয়া গেছে।

উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যা ৬টার পর রাজধানীর আজগর আলী হাসপাতালে আল্লামা শফী ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৩ বছর। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন অসুস্থতা ছাড়াও ডায়াবেটিস ও হাইপারটেনশনে ভুগছিলেন।

Related Articles

Leave a Reply

Back to top button