বাংলাদেশ
আবারও নিজের বাইকে আগুন

রাজধানীতে আবারও ট্রাফিক পুলিশের ওপর ক্ষুব্ধ হয়ে রাইড শেয়ারিংয়ের এক চালক নিজের মোটরসাইকেলে আগুন দিয়েছেন।
আজ বৃহস্পতিবার দুপুরের দিকে পলাশীতে, মামলায় বিরক্ত হয়ে নিজের ডিসকভারি মোটরসাইকেলে আগুন দেন চালক ইলিয়াস মিয়া।
লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম মোরশেদ গণমাধ্যমকে জানান, পাঠাও চালক ইলিয়াসের বিরুদ্ধে আগের দুটি মামলা ছিল। আজ আরও একটি মামলা দেন সার্জেন্ট। তৃতীয় মামলার পর ঘটনাস্থল থেকে ১০০ গজ দূরে গিয়ে তিনি নিজের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন।
উল্লেখ্য, এর আগে গত ২৭ সেপ্টেম্বর রাজধানীর বাড্ডায় রাইড শেয়ারিংয়ের আরেক চালক ট্রাফিক পুলিশের হয়রানির প্রতিবাদে নিজের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন।



