ফলোআপ

খালিই থাকবে চলচ্চিত্র সমিতির সম্পাদকের চেয়ার

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের পক্ষে দেওয়া হাইকোর্টের রায় স্থগিত করেছেন চেম্বার আদালত। রবিবার (৬ মার্চ) আপিল বিভাগের চেম্বার বিচারপতি ওবায়দুল হাসান হাইকোর্টের রায় চার সপ্তাহের জন্য স্থগিত করে আদেশ দেন।

গত ২ মার্চ সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রার্থিতা বৈধ বলে রায় দেন হাইকোর্ট। ওইদিন বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে জায়েদ খানের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আহসানুল করিম ও অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথি। অপর প্রার্থী নিপুণের পক্ষে ছিলেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার ও সহকারী অ্যাটর্নি জেনারেল সেলিম আজাদ।

এর আগে গত ২ মার্চ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রার্থিতা বৈধ বলে রায় দেন হাইকোর্ট। এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে ওইদিন বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ রুলটি নিষ্পত্তি করে রায় দেন।

গত ৭ ফেব্রুয়ারি জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে নির্বাচনী আপিল বোর্ডের দেওয়া সিদ্ধান্ত স্থগিত করেন হাইকোর্ট। এছাড়া এ বিষয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের চিঠির কার্যকারিতাও স্থগিত করা হয়। একইসঙ্গে প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। চিত্রনায়ক জায়েদ খানের রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এসব সিদ্ধান্ত দেন।

হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে আপিল করেন নিপুণ। নিপুণের আবেদনে সাড়া দিয়ে চেম্বার আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করেন। পরে এ বিষয়ে পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ বসে গত ১৪ ফেব্রুয়ারি। সেখানে চেম্বার আদালতের সিদ্ধান্ত বহাল রেখে সাধারণ সম্পাদক পদের ওপর স্থিতাবস্থা জারি করা হয় এবং সংশ্লিষ্ট রুলটি নিষ্পত্তি করতে হাইকোর্টকে নির্দেশ দেওয়া হয়।

এর আগে ২ মার্চ হাইকোর্ট রুল নিষ্পত্তি করে রায় দেন। পরে এই রায়ের বিরুদ্ধে আবারও আপিল বিভাগে আবেদন করেন নিপুণ।

Related Articles

Leave a Reply

Back to top button