
➤ ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হওয়াকে দেশের গণমাধ্যমের স্বাধীনতা ও বিশ্বাসযোগ্যতা পুনরুদ্ধারের সুযোগ হিসাবে দেখা হয়েছিল। সাংবাদিক ও সাংবাদিকতার জন্য মুহূর্তটিকে সুবর্ণ সুযোগ বলছিলেন অনেকেই।
এক দশকেরও বেশি সময় ধরে বাড়তে থাকা নিয়ন্ত্রণ, রাজনৈতিক চাপ এবং আত্মনিয়ন্ত্রণের পর অনেকেই আশা করেছিলেন, একটি কর্তৃত্ববাদী সরকারের অবসান গণমাধ্যমের স্বাধীনতা ও বিশ্বাসযোগ্যতা পুনরুদ্ধারে সহায়ক হবে। কিন্তু ৫ আগস্ট পরবর্তী বাস্তব চিত্র একেবারেই ভিন্ন।
আওয়ামী সরকারের পতনে এমন এক অস্বস্তিকর সত্য সামনে আসে, যেখানে দেখা যায় সরকার পতনের অনেক আগেই সাংবাদিকতা তার বড় অংশের সততা হারিয়ে ফেলেছিল। রাজনৈতিক পটপরিবর্তনে স্বাধীন ও মুক্ত সাংবাদিকতা ফিরে পাওয়ার আকাঙ্ক্ষা ভর করলেও বিশ্বাসযোগ্যতা ক্ষয়ের যে কারণগুলো পরবর্তী সরকার পরিবর্তনেও দূর হয়নি।
মূলত এই অবক্ষয়ের সূচনা ঘটে শেখ হাসিনার শাসনামলে, যখন গণমাধ্যমের একটি বড় অংশ ধীরে ধীরে তাদের প্রহরী ভূমিকা ত্যাগ করে শাসকগোষ্ঠীর সঙ্গে নিজেদের ওতপ্রোতভাবে জড়িয়ে ফেলে। বেশিরভাগ সময়ই তারা স্বেচ্ছায় সরকার পক্ষে অবস্থান নিয়েছে।
➤➤ গণমাধ্যমের স্বাধীনতা সূচকে বাংলাদেশের ৩ ধাপ অবনতি
হয়তো কখনো কখনো সাংবাদিকদের কিংবা সংবাদমাধ্যমের মালিকদের ওপর চাপ ও ভীতিপ্রদর্শনের ঘটনা ছিল, তবে অনেক মালিক ও জ্যেষ্ঠ সাংবাদিক সচেতনভাবেই ক্ষমতার কাছাকাছি থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন। কারও জন্য এটি ছিল টিকে থাকার প্রশ্ন, আবার কারও জন্য ছিল হিসেবি সমঝোতা।
সরকারের পক্ষে ইতিবাচক সংবাদ প্রকাশের বিনিময়ে অনেক সময় ব্যবসায়িক সুবিধা, নিয়ন্ত্রণ শিথিলতা বা আইনি জটিলতা থেকে রক্ষা পাওয়ার সুযোগ মিলত। ফলে প্রকৃত সাংবাদিকতা অনেক ক্ষেত্রে প্রভাব বিস্তার ও স্বার্থরক্ষার কাছে দুর্বল হয়ে পড়ে।
সময়ের সঙ্গে সঙ্গে ক্ষমতা ও গণমাধ্যমের এই সম্পর্ক সংবাদকক্ষের সংস্কৃতিকেও বদলে দেয়। পেশাগত বিচারের বদলে রাজনৈতিক সুবিধা বিবেচনায় সিদ্ধান্ত নেওয়া শুরু হয়, দুর্বল হয়ে পড়ে সম্পাদকীয় স্বাধীনতা। সমালোচনামূলক প্রতিবেদনের ভাষা হয় নমনীয়, অনেক সময় তা এড়িয়েও যাওয়া হয়। প্রতিবেদনগুলোতে সরকারের প্রশংসা যেন দৈনন্দিন অভ্যাসে পরিণত হয়।

অনেক সাংবাদিক স্বাধীন পর্যবেক্ষকের পরিবর্তে দলীয় রাজনৈতিক কর্মীর মতো আচরণ করতে শুরু করেন। যেখানে সাংবাদিকতা নিরাপক্ষ হওয়ার কথা ছিল সেখানে তারা প্রকাশ্যে সরকার ও তার বয়ানের পক্ষে অবস্থান নেন।
ধীরে ধীরে সংবাদমাধ্যমের এই দলীয়করণ ও অবনতি কেবল গণমাধ্যমের স্বাধীনতাই নয়, তার বিশ্বাসযোগ্যতাকেও প্রশ্নবিদ্ধ করে তোলে। সাধারণ মানুষ সংবাদকে সন্দেহের চোখে দেখতে শুরু করে- সংবাদ কি জনস্বার্থে প্রকাশিত হচ্ছে, নাকি ক্ষমতাসীনদের সুবিধার জন্য তৈরি করা হচ্ছে-এমন প্রশ্ন মাথাচাড়া দিয়ে ওঠে।
➤➤ পিআইডির সিআইও হলেন সাংবাদিক সৈয়দ আবদাল
ছাত্র-জনতার বিক্ষোভের মুখে শেখ হাসিনার সরকার পতনের আগ পর্যন্তও এই সংকট গভীরে শেকড় গেড়েছিল। সরকার পতনের পরপরই সেই পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। ৪ আগস্ট পর্যন্তও যারা ধারাবাহিকভাবে তার পক্ষে অবস্থান নিয়েছিল, সেই একই গণমাধ্যম হঠাৎ করে তার বিরুদ্ধে কঠোর সমালোচনামূলক অবস্থান নেয়।
এই আকস্মিক পরিবর্তন সাংবাদিকতার মানদণ্ডে ফেরার ইঙ্গিত দেওয়ার বদলে সম্পাদকীয় সিদ্ধান্ত যে রাজনৈতিক আনুগত্যের ভিত্তিতে নেওয়া হচ্ছে তা দৃঢ় করে।
একই সময়ে ক্ষমতার চেয়ার শূন্য থাকায় গণমাধ্যম নিয়ন্ত্রণের এক অসুস্থ প্রতিযোগিতা সৃষ্টি হয়। শেখ হাসিনার রাজনৈতিক প্রতিপক্ষ, বিশেষ করে বিএনপি এবং জামায়াতে ইসলামী ঘনিষ্ঠ সাংবাদিক ও গোষ্ঠীগুলো সংবাদমাধ্যমে নিজেদের প্রভাব বিস্তারে সক্রিয় হয়ে ওঠে।
কিছু ক্ষেত্রে বহুবছর ধরে দায়িত্বে থাকা সম্পাদক ও সাংবাদিকদের আগের সরকারের ‘সহযোগী’ আখ্যা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে জায়গায় সুযোগ পান দলীয় আনুগত্য জাহির করা সাংবাদিকরা। ফলে গণমাধ্যমগুলোতে নেতৃত্ব নির্ধারণের ক্ষেত্রে রাজনৈতিক আনুগত্যই মুখ্য হয়ে ওঠে। অর্থাৎ ভিন্ন নেতৃত্বে একই ধরনের পক্ষপাতিত্বের ধারাবাহিকতাই বজায় থাকে।

এরপরে দেশের বিশৃঙ্খল পরিস্থিতি সাংবাদিকতার স্বাধীনতাকে আরও দুর্বল করে। রাষ্ট্রীয় কর্তৃত্ব দুর্বল হয়ে পড়ায় অ-রাষ্ট্রীয় শক্তিগুলো গণমাধ্যমের ওপর প্রভাব বিস্তার শুরু করে। সরকারবিরোধী আন্দোলনে যুক্ত ছাত্রনেতাদের বিভিন্ন গোষ্ঠী এবং শিথিলভাবে সংগঠিত তথাকথিত ‘তৌহিদী জনতা’ নামের ইসলামপন্থী গোষ্ঠী সংবাদ প্রকাশের ওপর প্রভাব ফেলতে থাকে।
রাজনৈতিক রদবদলে ‘আনুষ্ঠানিক সেন্সরশিপ’ না থাকলেও ভীতি ও চাপের পরিবেশ ছিল স্পষ্ট। গণমাধ্যম ও সাংবাদিকদের ওপর হুমকি, হামলা এবং প্রকাশ্য অভিযোগের কারণে তারা নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন। অনেক গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে চাইলেও উত্তেজিত জনতার আক্রোশ ও প্রতিশোধের আশঙ্কায় সীমাবদ্ধ হয়ে পড়ে। এই প্রেক্ষাপটে আত্মনিয়ন্ত্রণ পদ্ধতি বদলালেও তার প্রভাব বদলায়নি।
➤➤ বাসসের এমডি হলেন কামাল উদ্দিন সবুজ
শেখ হাসিনার শাসনামলে সাংবাদিকরা প্রায়ই রাষ্ট্রীয় সংস্থা বা কর্মকর্তাদের সরাসরি বা পরোক্ষ নির্দেশনার মুখোমুখি হতেন। তার পতনের পর সেই নির্দেশনার জায়গায় আসে মবোক্রেসি বা রাজনৈতিক প্রতিক্রিয়ার ভয়। ফলে সংবাদ পরিবেশনে সতর্কতা অবলম্বন, নির্দিষ্ট গোষ্ঠীকে তুষ্ট করাই প্রধান নিয়ামক হয়ে ওঠে। সম্পাদক ও প্রতিবেদকরা এমন বিষয় বা দৃষ্টিভঙ্গি এড়িয়ে চলেন, যা প্রভাবশালী কোনো পক্ষকে ক্ষুব্ধ করতে পারে।
মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বারবার স্বাধীন ও মুক্ত গণমাধ্যমের কথা বললেও এই পরিস্থিতি পরিবর্তনে ব্যর্থ হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় তাদের অক্ষমতা বা অনীহা গণমাধ্যমের ভেতরে ভীতি ও চাপের পরিবেশ জারি রাখে।
অনেক গণমাধ্যমের বিরুদ্ধে প্রকাশ্য হুমকি বা হামলাও মোকাবিলা করা হয়নি। ফলে চাইলেই গণমাধ্যম নিয়ন্ত্রণ বা দমন করা যায়, এমন ধারণা জেঁকে বসে যা স্বাধীন সাংবাদিকতার ধারণাকে আরও দুর্বল করে তোলে।
দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আসা, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জাতীয় নির্বাচন ও তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠনের পর সাংবাদিকতায়ও কিছুটা স্থিতিশীলতা ফিরে আসে। অন্তর্বর্তী সময়ের সহিংস ও অনিশ্চিত পরিবেশ ভুলে সাংবাদিকরা পুরোদমে কাজে ফেরার আশ্বাস পান। আগের মতো সার্বক্ষণিক শারীরিক হুমকি থেকেই কিছুটা রেহাই মেলে।
তবে এই সুযোগে গণমাধ্যমে ফের নতুন রাজনৈতিক আনুগত্য গড়ে উঠতে শুরু করে। অর্থাৎ সেই নির্দিষ্ট সরকার এবং দলের আনুগত্য মেনে চলার ধারাই আবার অনুসরণ করা হচ্ছে।
➤➤ আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের আইন নিয়ে ১০১ সাংবাদিকের উদ্বেগ
গণমাধ্যমে বর্তমান পরিস্থিতি আগের তুলনায় কিছুটা ভালো মনে হলেও, ক্ষমতাসীনদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়ার পুরনো প্রবণতা এখনও বিদ্যমান। কিছু গণমাধ্যম, যারা শাসকগোষ্ঠীর ঘনিষ্ঠদের প্রভাবে পরিচালিত, তারা এরইমধ্যে সরকারের স্বার্থ রক্ষায় ঝুঁকে পড়ছে। অন্যরা কিছুটা স্বাধীনতা বজায় রাখার চেষ্টা করলেও সম্ভাব্য প্রতিক্রিয়ার কথা মাথায় রেখে এখনো সতর্ক থাকছে। স্বাধীনতা চর্চা ও ক্ষমতাকে বিরক্ত না করার এই ভারসাম্য সাংবাদিকতার ‘সীমাবদ্ধতা’ স্পষ্ট করে।
গণমাধ্যমের স্বাধীনতা ও বিশ্বাসযোগ্যতা একে অপরের সঙ্গে গভীরভাবে সম্পর্কযুক্ত। দীর্ঘদিনের নিয়মিত পক্ষপাতদুষ্ট আচরণের কারণে উভয়ই ক্ষতিগ্রস্ত হয়েছে।

বহু সম্পাদক ও সাংবাদিক সত্যের চেয়ে রাজনৈতিক বা ব্যক্তিগত মুনাফাকে অগ্রাধিকার দেওয়ায় তাদের স্বাধীনতার দাবি দুর্বল হয়ে পড়ে। ফলে গণমাধ্যমগুলোর ওপর জনগণের আস্থা কমে যাওয়ার পাশাপাশি গণমাধ্যমের নৈতিক কর্তৃত্বও হ্রাস পায়। এতে সরকার, রাজনৈতিক দল বা বিভিন্ন গোষ্ঠীর মতো প্রভাবশালী শক্তিগুলোর জন্য গণমাধ্যমে হস্তক্ষেপ বা নিয়ন্ত্রণকে ন্যায্যতা দেওয়া সহজ হয়ে ওঠে।
বাংলাদেশের গণমাধ্যম যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, তা কোনো একক সরকারের ব্যর্থতা নয়; বরং এটি একটি কাঠামোগত সমস্যা। মালিকানা কাঠামো, ব্যবসায়িক স্বার্থ এবং রাজনৈতিক সংযোগ এখনও সম্পাদকীয় সিদ্ধান্তকে প্রভাবিত করছে।
কর্তৃত্ববাদী সরকারের পতনের পর সাংবাদিকতা স্বয়ংক্রিয়ভাবে স্বাধীন হয়ে উঠবে- এমন প্রত্যাশা এই গভীর বাস্তবতাকে উপেক্ষা করেছিল।
➤➤ ঢাবিতে দেয়াললিখন নিয়ে উত্তেজনা, হেনস্তার শিকার ৬ সাংবাদিক
গণমাধ্যমকে মুক্ত, স্বাধীন, বিশ্বাসযোগ্য ও জনগণের কাছে প্রকৃত সত্য তুলে ধরার মাধ্যম হিসেবে গড়ে তুলতে মালিকদের ব্যবসায়িক স্বার্থ থেকে সম্পাদকীয় সিদ্ধান্তকে আলাদা করতে হবে। সাংবাদিকদের ব্যক্তিগত লাভের জন্য ক্ষমতার সঙ্গে সমঝোতার প্রবণতা থেকে সরে আসতে হবে। সরকারকে গণমাধ্যমের ওপর হস্তক্ষেপের পরিবর্তে সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করতে হবে।
এসব পরিবর্তন না এলে বছরের পর বছর সরকার পরিবর্তন হোক বা না হোক একই চক্র চলতেই থাকবে, এবং স্বাধীন সাংবাদিকতার দীর্ঘদিনের আশা ধোঁয়াশাই থেকে যাবে।
বাংলাদেশের সাংবাদিকতার গল্প শুধু উপর থেকে দমন-পীড়নের নয়; এটি ভেতরকার আপসের গল্পও, যা কেবল সরকার পরিবর্তনের মাধ্যমে দূর করা সম্ভব নয়।
নিউজ নাউ বাংলা/এফওয়াই/ জেডআরসি/ ০৩ মে ২০২৬



