বিশ্ব

এবার চীনা কোম্পানির টেন্ডার বাতিল করলো ভারত

চীনা অ্যাপগুলো বাতিলের পর এবার চীনা সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ ৪জি টেন্ডার বাতিলের সিদ্ধান্ত নিল ভারতের টেলিফোন সংস্থা ‘ভারত সঞ্চার নিগম লিমিটেড’ (বিএসএনএল)।

এর আগে কেন্দ্রীয় সরকারের নির্দেশেই ওই চীনা সংস্থাকে টেন্ডারের মাধ্যমে বেছে নেওয়া হয়েছিল। ঠিক ছিল, ভারতে ৪জি পরিষেবা উন্নত করতে প্রয়োজনীয় যন্ত্রাংশের যোগান দেবে তারা। কিন্তু সম্প্রতি লাদাখ সীমান্তে ভারত-চীন সংঘাতের জেরে চীনা পণ্য বয়কট নতুন মাত্রা পায়। পাশাপাশি উঠে আসে ‘আত্মনির্ভর ভারত’-এর নতুন স্লোগান।

যার জেরে কেন্দ্রীয় সরকারের স্পষ্ট নির্দেশ, এবার থেকে সমস্ত টেলিকম যন্ত্রপাতি তৈরি হবে ভারতেই। এ বিষয়ে কোনোভাবেই চীনের দ্বারস্থ হওয়া যাবে না। প্রয়োজনে বিএসএনএলকে নতুন করে টেন্ডার ডাকারও পরামর্শ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

অপরদিকে দেশটির সড়ক নির্মাণের সঙ্গে যুক্ত চীনা সংস্থাগুলোর ওপরও নিষেধাজ্ঞা জারি করছে মোদী সরকার। বুধবার এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় সড়ক ও পরিবহনমন্ত্রী নীতিন গাদকারি। তিনি বলেন, ‘কোনো চীনা সংস্থাকে আমরা সড়ক তৈরির অনুমতি দেবো না। আমাদের সিদ্ধান্ত অত্যন্ত স্পষ্ট। এমনকী, কোনো ভারতীয় সংস্থার সঙ্গে তারা যৌথভাবে যদি কাজ করতে চায়, তাহলেও সেই অনুমতিও দেওয়া হবে না। তবে এর ফলে যাতে প্রকল্পগুলো থমকে না যায়, সে ব্যাপারে উদ্যোগী হয়েছে কেন্দ্রীয় সরকার।

এবিষয়ে পশ্চিমবঙ্গের প্রশাসনিক ভবন নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই বলেছিলেন, ‘চীনের কয়েকটি অ্যাপ বাতিলই যথেষ্ট নয়, চীনকে আরও যুতসই জবাব দিতে হবে। দেশের স্বার্থে কেন্দ্রীয় সরকার যে পদক্ষেপ নেবে তাতে পশ্চিমবঙ্গ সরকারসহ তৃণমূল কংগ্রেস পূর্ণ সমর্থন দেবে। একদিকে ভারতে চীন বিরোধী আগ্রাসী মত গড়ে তুলতে হবে, অন্যদিকে, চীনের সঙ্গে কূটনৈতিক প্রক্রিয়াও জারি রাখতে হবে।

Related Articles

Leave a Reply

Back to top button