ভূরাজনীতি

অতিরিক্ত ভাড়া নিলে ‘কঠোর ব্যবস্থা’: ওবায়দুল কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া নিলে জনস্বার্থে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

সোমবার (৮ নভেম্বর) সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী তার বাসভবনে ব্রিফিংকালে পরিবহন মালিক-শ্রমিকদের এ ব্যাপারে কঠোরভাবে হুঁশিয়ার করে দেন।

তিনি বলেন, গ্যাস অকটেন ও পেট্রলচালিত যানবাহনের ক্ষেত্রে বর্ধিত এ ভাড়া প্রযোজ্য হবে না।

ট্রাক-কাভার্ডভ্যান ধর্মঘটের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সংশ্লিষ্ট নেতাদের সঙ্গে বসে সমাধানের উদ্যোগ নিচ্ছেন বলেও জানান ওবায়দুল কাদের।

বিএনপি নেতাদের বিভিন্ন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, দেশে কোন ভয়ংকর পরিস্থিতি নেই।

জনগণের সম্পদ যারা লুণ্ঠন করে তাদের বিরুদ্ধে স্বাভাবিকভাবেই সরকারের অবস্থান কঠোর উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি সম্পদ লুণ্ঠনকারীদের পক্ষ নিয়েছে বলেই এ ধরনের বক্তব্য রাখছে।

তিনি বলেন, এদেশে রাজনীতিতে দুর্বৃত্তায়নের অনুপ্রবেশ ঘটিয়েছে অগণতান্ত্রিক স্বৈরসরকার, তারাই রাজনীতিকে কলুষিত করেছে আর এ দায় বিএনপি কখনো এড়াতে পারবে না।

১৯৭৫ এর ৩ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত যে সব ষড়যন্ত্রমূলক ঘটনা সংঘটিত হয়েছে তা জনসমক্ষে আনা হয়নি, কারও কারও কৃত্রিম ইমেজ তৈরি করা হয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, তদন্ত কমিশন গঠনের মাধ্যমে সেসব ঘটনা এবং দায়ীদের মুখোশ উন্মোচন এখন সময়ের দাবি।

বিএনপি নেতারা বলেছেন তাদের নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে- এ প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, মণ্ডপে হামলা করেছে যারা, আগুন জ্বালিয়েছে যারা, যারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চেয়েছে তারা বিএনপির ভাষায় দেশ প্রেমিক।

ওবায়দুল কাদের অভিযোগ করেন, বিএনপি অভিযুক্তদের দেশপ্রেমিক কর্মী বলে বাঁচানোর চেষ্টা করছে। ভিডিও ফুটেজ দেখে আইনশৃঙ্খলা বাহিনী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে বলেও জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ।

Related Articles

Leave a Reply

Back to top button