বাংলাদেশ ব্যাংক গভর্নরের বয়সসীমা বাড়াতে সংসদে বিল

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কার্যকালের মেয়াদ বিদ্যমান ৬৫ বছরের পরিবর্তে বাড়িয়ে ৬৭ বছর করার প্রস্তাব সংসদে বাংলাদেশ ব্যাংক (সংশোধন) বিল-২০২০ উত্থাপন করা হয়েছে।
বুধবার (০৮ জুলাই) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের পক্ষে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বিলটি উত্থাপন করেন।
উত্থাপিত বিলে বিদ্যমান বাংলাদেশ ব্যাংক আদেশ-১৯৭২ এর ১০ নং আর্টিকেলের দফা ৫ এর শর্তাংশে উল্লেখিত ৬৫ (সিক্সটি ফাইফ) শব্দগুলোর পরিবর্তে ৬৭ (সিক্সটি সেভেন) শব্দগুলো প্রতিস্থাপনের প্রস্তাব করা হয়েছে।
এছাড়াও সংসদে মৎস ও মৎস পণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) অধ্যাদেশ-১৯৮৩ রহিত করে নতুন আইন প্রণয়নের জন্য মৎস ও মৎস পণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) বিল-২০২০ সংসদে উত্থাপন করা হয়েছে।
বিলটি উত্থাপন করেন মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম।
বিলটি মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে। একইসঙ্গে পরীক্ষা-নিরীক্ষা করে আগামী ৩০ দিনের মধ্যে সংসদে রিপোর্ট দিতে বলা হয়েছে।



