বাংলাদেশ

গুলশান-বনানী-বারিধারায় রাইড শেয়ারিং সেবা জোবাইক

রাইড শেয়ারিং সেবা ‘জোবাইক’ বাণিজ্যিকভাবে রাজধানীর গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকায় ভাড়ায় বাইসাইকেল পরিচালনা শুরু করছে। এ চার এলাকার ২২টি পয়েন্টে শতাধিক বাইসাইকেল রাখা হয়েছে। যে কেউ ‘জোবাইক’ অ্যাপ ব্যবহার করে প্রতি মিনিট এক টাকা হারে বাইসাইকেলগুলো ব্যবহার করতে পারবেন।

বুধবার (২৪ জুন) গুলশানে আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করা হয়। এতে অতিথি ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

মেয়র মো. আতিকুল ইসলাম, ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুন্দর ঢাকা শহর উপহার দেয়ার জন্য বাইসাইকেল ব্যবহারের আহ্বান জানিয়ে বলেন, সারাবিশ্বে ধনী-গরিব, নারী-পুরুষ নির্বিশেষে সবাই বাইসাইকেল ব্যবহার করে। আজকের এই প্রয়াসটি পরীক্ষামূলকভাবে চালু করা হলো। তারপর উত্তরায় এবং পর্যায়ক্রমে পুরো ডিএনসিসিতে সম্প্রসারণ করার ইচ্ছা আছে। ফলে অনেকের কর্মসংস্থান হবে। আমরা সমন্বিতভাবে পথচারী ও বাইসাইকেল লেনের জন্য কাজ করছি।

সামাজিক দূরত্ব বজায় এবং স্বাস্থ্য ঠিক রাখতে বাইসাইকেল ব্যবহারের জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে আতিকুল ইসলাম বলেন, আসুন পরিবেশ বাঁচানোর জন্য, কার্বন নিঃসরণ কমানোর জন্য বাইসাইকেল ব্যবহার করি।

এসময় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, বাইসাইকেল চালানো আমরা সবাই পছন্দ করি, কিন্তু সুযোগ পাই না। গ্রামে সাইকেল চালানোর সুযোগ থাকলেও শহরে এ সুযোগ নেই। এ সমস্যা সমাধানের জন্য ডিএনসিসির মেয়র কাজ করছেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শফিকুল ইসলাম, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবদুল হাই, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল আমিরুল ইসলাম, স্থপতি ইকবাল হাবিব, অধ্যাপক আখতার মাহমুদ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Back to top button