রাশিয়া থেকে তেল-গ্যাস আমদানিতে নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসনের কারণে দেশটি থেকে জ্বালানি তেল, গ্যাস ও কয়লা আমদানি নিষিদ্ধ করেছে যুক্তরাষ্ট্র।
মঙ্গলবার (০৮ মার্চ) বিবিসির এক প্রতিবেদনে এতথ্য জানানো হয়েছে।
অবশ্য ইউক্রেন শুরু থেকেই রাশিয়ার তেল-গ্যাস আমদানি নিষিদ্ধ করতে পশ্চিমা মিত্রদের প্রতি অনুরোধ জানিয়ে আসছে। এমন নিষেধাজ্ঞার ফলে বিশ্ববাজারে জ্বালানি তেল-গ্যাসের দাম কয়েকগুণ বেড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।
জানা গেছে, ইতোমধ্যে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ১৪ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। গত সোমবার (৭ মার্চ) একপর্যায়ে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম প্রতি ব্যারেল ১৩৯ ডলারে পৌঁছেছিল। এই ধারা অব্যাহত থাকলে আগামী কয়েক দিনের মধ্যে তেলের দাম সর্বকালের সর্বোচ্চ হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
উল্লেখ্য, ইউরোপ তাদের প্রয়োজনীয় গ্যাসের প্রায় ৪০ শতাংশ ও জ্বালানি তেলের ৩০ শতাংশই আমদানি করে রাশিয়া থেকে। ফলে রুশ তেল আমদানি নিষিদ্ধ করলে এর বিকল্প জোগাড় করা কঠিন হবে তাদের জন্য। সেই তুলনায় যুক্তরাষ্ট্র মোট তেল আমদানির মাত্র আট শতাংশ নেয় রাশিয়া থেকে। সংকটের আশঙ্কা মাথায় রেখে এরই মধ্যে স্থানীয়ভাবে তেলের উৎপাদন বাড়ানোর ঘোষণা দিয়েছে ওয়াশিংটন।



