বাংলাদেশ

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বাড়ল

৫ মাসেরও বেশি সময় ধরে বন্ধ থাকা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ছুটি আরও এক দফা বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সরকার আগামী ৩ অক্টোবর পর্যন্ত দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ছুটি বাড়িয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সরকারঘোষিত সবশেষ এই ছুটির মেয়াদ ছিল ৩১ আগস্ট পর্যন্ত। তবে সেই মেয়াদ শেষ হওয়ার আগেই নতুন করে ছুটি বাড়ানোর সিদ্ধান্ত এলো।

গেল কিছুদিন ধরেই বলা হচ্ছিল, করোনা সংক্রমণের বিদ্যমান পরিস্থিতিতে সেপ্টেম্বরেও শিক্ষাপ্রতিষ্ঠান খোলার মতো পরিবেশ সৃষ্টি না হতে পারে।

গত ১৭ মার্চ থেকে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রাখা হয়েছে। তবে সম্প্রতি কওমি মাদরাসাগুলোকে স্বাস্থ্যবিধি মেনে ক্লাস ও পরীক্ষা নেয়ার অনুমোদন দিয়েছে সরকার।

বন্ধ থাকা দিনগুলোতে জাতীয় সংসদ টিভিতে প্রতিদিন প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পাঠ সম্প্রচার করা হচ্ছে। পাশাপাশি রেডিও ক্লাস সম্প্রচার শুরু করেছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। বাসায় বসে মোবাইল ফোনের মাধ্যমে শিক্ষকদের কাছ থেকে পাঠ্যবইয়ের যেকোন বিষয়ে পরামর্শ নিতে পারবে শিক্ষার্থীরা।

Related Articles

Leave a Reply

Back to top button