ফলোআপ

সম্রাটের জামিন শুনানি ২১ জুন

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় জামিন শুনানির জন্য ২১ জুন দিন ধার্য করেছেন আদালত। একই দিন মামলার অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য করেছেন আদালত। সম্রাটের আইনজীবী আফরোজা শাহানাজ পারভীন (হীরা) বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (৯ জুন) ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান এ দিন ধার্য করেন। এদিন সম্রাটের জামিন শুনানি ও মামলার চার্জগঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। সম্রাট অসুস্থ থাকায় কারা কর্তৃপক্ষ তাকে আদালতে না পাঠিয়ে কাস্টডি ওয়ারেন্ট (হাজতি পরোয়ানা) পাঠান। এরপর বিচারক সম্রাটের জামিন শুনানি ও চার্জগঠন শুনানির জন্য ২১ জুন দিন ধার্য করেন।

এর আগে ২৪ মে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন সম্রাট। অন্যদিকে, দুদকের আইনজীবী তার জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

একই সঙ্গে জামিন শুনানির জন্য আগামী ৯ জুন দিন ধার্য করেন। সম্রাটের আইনজীবী তাকে অ্যাম্বুলেন্সে কারাগারে পাঠানোর আবেদন করেন। আদালত আইনজীবীর আবেদন নামঞ্জুর করেন। এরপর দুপুর আড়াইটার দিকে তাকে পুলিশ পিকআপে করে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

Related Articles

Leave a Reply

Back to top button