বাংলাদেশ

রংপুরে সৈকতের নেতৃত্বে হামলা: র‌্যাব

রংপুরের পীরগঞ্জে সৈকতের নেতৃত্বে হামলা ও অগ্নিসংযোগ করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

শনিবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে খন্দকার আল মঈন বলেন, সৈকতের নেতৃত্বে ওই হামলা হয়। বলেন, ‘গ্রেপ্তারকৃতরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে অরাজকতা তৈরি এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের লক্ষ্যে হামলা-অগ্নিসংযোগ ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার এবং মাইকিং করে হামলাকারীদের জড়ো করেন।

ব্রিফিংয়ে জানানো হয়, সৈকত মন্ডল রংপুরের একটি কলেজের স্নাতকে অধ্যয়নরত। তিনি রংপুর পীরগঞ্জের হামলা এবং অগ্নিসংযোগের অন্যতম হোতা। বিভিন্ন সময়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন উসকানিমূলক ও বিভ্রান্তিকর পোস্ট এবং শেয়ার করতেন তিনি।

কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ‘গ্রেপ্তারকৃত রবিউল রংপুরের পীরগঞ্জের হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় অন্যতম উসকানিদাতা। তিনি উক্ত হামলা ও অগ্নিসংযোগের ঘটনার আগে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মাইকিংয়ের মাধ্যমে বিভিন্ন উসকানিমূলক বক্তব্য দিয়ে, মিথ্যাচার করে গ্রামবাসীকে উত্তেজিত করে তোলেন এবং ওই হামলায় অংশগ্রহণের জন্য জড়ো হতে বলেন। এরপর তিনি মাইকিংয়ের দায়িত্ব তার আস্থাভাজনকে দিয়ে নিজে সশরীরে অংশগ্রহণ করেন এবং নির্দেশনা দেন।

এদিকে গ্রেপ্তার রবিউল জানায়, সৈকতের নির্দেশনায় এবং প্ররোচনায় তিনি মাইকিং করাসহ হামলায় অংশগ্রহণ করেন। ঘটনা পরবর্তীতে তিনিও আত্মগোপনে চলে যান।

ঠিক কি উদ্দেশ্যে উসকানিমূলক পোস্ট দিয়েছিল সৈকত, সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে কমান্ডার বলেন, সৈকতের ফেসবুক পেজে ২৭০০/২৮০০ ফলোয়ার রয়েছে। সেটিকে সে কাজে লাগিয়েছে ফলোয়ার বাড়ানোর জন্য। পাশাপাশি তার ব্যক্তিগত ইমেজ বাড়বে বলেও মনে করেছিল।

এ সময় সৈকত ছাত্রলীগের নেতা কি না, এমন প্রশ্নে খন্দকার আল মঈন বলেন, ‘সৈকত বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিল বলে জানিয়েছেন। সরাসরি তাঁর কোনো রাজনৈতিক দলীয় পদ আমরা পাইনি।

এর আগে প্রধান অভিযুক্ত সৈকত মণ্ডল ও তার সহযোগী রবিউল ইসলামকে গাজীপুর থেকে গ্রেপ্তার করা হয়।

Related Articles

Leave a Reply

Back to top button