শিক্ষাঙ্গনে শালীনতা ও নৈতিক শিক্ষার সংকট: কে নেবে দায়িত্ব?

◉ কে.এ সুমন চৌধুরী ➤ কলেজের নির্ধারিত পোশাক পরে শিক্ষাপ্রতিষ্ঠানের ভেতরে কিছু শিক্ষার্থীর অশালীন ও কুরুচিপূর্ণ গানের সঙ্গে অশোভন ভাষা ব্যবহার করার দৃশ্য সমাজের সচেতন মানুষকে উদ্বিগ্ন করে তুলছে।
শিক্ষাপ্রতিষ্ঠান শুধু পাঠ্যপুস্তকের জ্ঞান অর্জনের স্থান নয়; এটি একজন শিক্ষার্থীর নৈতিকতা, মূল্যবোধ, শিষ্টাচার ও ব্যক্তিত্ব গঠনের অন্যতম প্রধান ক্ষেত্র।
যখন শিক্ষাঙ্গনের পরিবেশে শালীনতার পরিবর্তে অশোভন আচরণ স্থান পায়, তখন প্রশ্ন জাগে—ভবিষ্যতে এই শিক্ষার্থীরাই কীভাবে পরিবার, সমাজ ও দেশের জন্য সম্মান বয়ে আনবে?
বাবা-মা তাদের সন্তানদের উচ্চশিক্ষিত ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার স্বপ্ন নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠান। সেই প্রত্যাশা পূরণে শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীদের সম্মিলিত দায়িত্ব রয়েছে।
এদিকে অনেক অভিভাবকের অভিযোগ, কিছু শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রমের পাশাপাশি অতিরিক্ত বিভিন্ন ফি, মানসিক চাপ এবং বাধ্যতামূলক প্রাইভেট পড়ার সংস্কৃতি শিক্ষাব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করছে।

যদি এসব অভিযোগ সত্য হয়ে থাকে, তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। শিক্ষা কখনোই অতিরিক্ত আর্থিক চাপের উৎস হতে পারে না।
বর্তমান সময়ে নৈতিক শিক্ষা, শৃঙ্খলা, সাংস্কৃতিক চর্চা এবং পারিবারিক মূল্যবোধকে আরও শক্তিশালী করার বিকল্প নেই। শিক্ষাঙ্গন এমন একটি পরিবেশ হওয়া উচিত, যেখানে শিক্ষার্থীরা জ্ঞান অর্জনের পাশাপাশি ভদ্রতা, মানবিকতা ও দেশপ্রেমের শিক্ষা লাভ করবে।
◉ নীরব আর্তনাদ : একজন স্বামী কখন কাঁদে?
শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা বোর্ড, শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীদের সম্মিলিত উদ্যোগেই একটি সুস্থ, নিরাপদ ও মূল্যবোধসম্পন্ন শিক্ষার পরিবেশ গড়ে তোলা সম্ভব। ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া সময়ের দাবি।
নিউজ নাউ বাংলা/ কেএসসি/ জেডআরসি/ ০৬ জুলাই ২০২৬



