১০ বছর পর একসঙ্গে পাঁচ সন্তান প্রসব; পেয়েও সবাইকে হারালেন ঝন্টু-সালমা দম্পত্তি

বিয়ের ১০ বছর পর এক সঙ্গে পাঁচ সন্তান জন্ম দিয়েও সবাই কে একসাথে হারালেন চুয়াডাঙ্গার দামুড়হুদায় ঝন্টু-সালমা দম্পত্তি।
কোনো ধরনের অস্ত্রোপচার ছাড়াই একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছিলেন গৃহবধূ সালমা খাতুন। কিন্তু প্রসবের কিছুক্ষণ পরই এক সঙ্গে পাঁচ সন্তান মারা যায়।
ওই ঘটনায় ভেঙে পড়েছেন ওই গৃহবধূ। কান্না থামছে না পরিবারটির।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারের অ্যাপোলো ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে।
সালমা খাতুন দামুড়হুদা উপজেলার কানাইডাঙ্গা গ্রামের কৃষক ঝন্টু মিয়ার স্ত্রী।
প্রতিষ্ঠানটির কর্তব্যরত চিকিৎসক মাসুমা ফেরদৌস গণমাধ্যমকে বলেছেন, বর্তমানে ওই গৃহবধূ সুস্থ রয়েছেন।
ক্লিনিকের মালিক মামুন অর রশিদ শাওন বলেন, বৃহস্পতিবার সন্ধ্যার পর প্রসব বেদনা শুরু হলে কানাইডাঙ্গা গ্রামের ঝন্টু মিয়া তার স্ত্রীকে আমার ক্লিনিকে নিয়ে আসেন। ক্লিনিকে ঢোকার পরই প্রথমে একটি সন্তান প্রসব করেন। কর্তব্যরত চিকিৎসকের সহযোগিতায় বাকি চার সন্তান প্রসব করেন। এর কিছুক্ষণের মধ্যেই পাঁচ নবজাতকের মৃত্যু হয়। এরমধ্যে ১টি মেয়ে, ২টি ছেলে ও ২টি সন্তান জোড়া লেগে থাকায় ছেলে নাকি মেয়ে বোঝা যায়নি।
কর্তব্যরত চিকিৎসক মাসুমা ফেরদৌস বলেন, ক্লিনিকে আসার পরপরই নরমাল ডেলিভারি হয় ওই গৃহবধূর। পরপর ৫টি মৃত সন্তান প্রসব করেন তিনি। বাচ্চাগুলোর বয়স মাত্র সাড়ে ৪ মাস। অপুষ্ট হওয়ায় মারা গেছে বাচ্চাগুলো। এটা মূলত জরায়ুতে সমস্যার কারণে হয়েছে বলে জানান তিনি।



