বিশ্ব

ইউক্রেন-রাশিয়া আলোচনায় সহযোগিতা করতে আগ্রহী চীন

ইউরোপে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ইউক্রেন-রাশিয়ার মধ্যে আলোচনায় সহযোগিতা করতে আগ্রহ প্রকাশ করেছে চীন। মঙ্গলবার ভার্চ্যুয়ালি এক বৈঠকে ইউক্রেন সংকট সমাধানে জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎজ ও ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর সঙ্গে কথা বলেছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। বৈঠকে সি বলেন, ইউক্রেন সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করতে চায় তাঁর দেশ।

সিএনএনের খবরে বলা হয়েছে, সংকট সমাধানে চীন ঠিক কীভাবে কাজ করবে, সে সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি সি চিন পিং। বৈঠকের পর একটি বিবৃতি দিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, ইউক্রেন পরিস্থিতিকে উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন সি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ফ্রান্স, জার্মানি ও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর সঙ্গে যোগাযোগ রাখবে চীন। ইউক্রেন সংকট সমাধানে এসব দেশ ও আন্তর্জাতিক মহলের সঙ্গে কাজ করবে তারা। এ সংকটের শান্তিপূর্ণ সমাধানে গৃহীত উদ্যোগে অবশ্যই সমর্থন দিতে হবে।

এদিকে ইউক্রেন সংকট সমাধানে সহযোগিতা করতে চাইলেও রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা দেশগুলোর আরোপিত নিষেধাজ্ঞার সমালোচনা করেছে সি চিন পিং। তিনি সতর্ক করে বলেছেন, এ নিষেধাজ্ঞার কারণে বৈশ্বিক অর্থনীতি আরও ক্ষতিগ্রস্ত হবে। এ অর্থনীতি ইতিমধ্যে করোনা মহামারির কারণে ক্ষতিগ্রস্ত।

Related Articles

Leave a Reply

Back to top button