বাংলাদেশ

শেখ সাবাহ ছিলেন বাংলাদেশের প্রকৃত বন্ধু: পররাষ্ট্রমন্ত্রী

কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমদ আল-জাবের আল-সাবাহর মৃত্যুতে শোক বইয়ে স্বাক্ষর করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

ঢাকাস্থ কুয়েতের দূতাবাসে রাখা শোক বইয়ে শুক্রবার (২ অক্টোবর) স্বাক্ষর করেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, স্বাক্ষরে ড. মোমেন উল্লেখ করেন, শেখ সাবাহ ছিলেন বাংলাদেশের প্রকৃত বন্ধু। তিনি ১৯৭৪ সালে বাংলাদেশে এসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ওআইসি সম্মেলনে নিয়ে যান।

ড. মোমেন বলেন, শেখ সাবাহ দূরদর্শী এবং মুসলিম উম্মাহর জন্য একজন উদার নেতা ছিলেন। তার মৃত্যুতে মুসলিমবিশ্ব তাদের স্বার্থরক্ষায় নিবেদিতপ্রাণ একজন বিশ্বনেতাকে হারালো।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, কুয়েতে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে সে দেশের এই আমিরের অবদান এ দেশের মানুষ চিরদিন স্মরণ রাখবে।

ড. মোমেন বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে শেখ সাবাহর প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন। পররাষ্ট্রমন্ত্রী মরহুমের শোকসন্তপ্ত পরিবার এবং সে দেশের ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শোক বইয়ে স্বাক্ষরকালে কুয়েতের রাষ্ট্রদূত আদেল মোহাম্মেদ এ. এইচ হায়াত উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Back to top button