বক্তব্য দিয়ে ভুল করিনি, প্রত্যাহারের প্রশ্নই ওঠে না: প্রতিমন্ত্রী মুরাদ

তথ্য প্রতিমন্ত্রী মো. মুরাদ হাসান খালেদা জিয়ার নাতনি ও বিএনপি নেত্রী পাপিয়াকে নিয়ে সম্প্রতি যে আপত্তিকর মন্তব্য করেছেন তা তিনি প্রত্যাহার করবেন না বলে জানিয়েছেন।
সোমবার আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসিকে প্রতিমন্ত্রী ডা. মুরাদ বলেছেন, তিনি এসব বক্তব্য দিয়ে কোনো ভুল করেননি। এগুলো তিনি প্রত্যাহারও করবেন না কিংবা প্রত্যাহার করার ব্যাপারে সরকার ও দলের ওপর থেকে কোনো চাপও নেই।
তিনি এমন বক্তব্য দেওয়ার আগে তাকে ‘নোংরা ভাষায়’ আক্রমণ করে কথা বলা হয়েছে বলে অভিযোগ করেন মুরাদ হাসান।
তিনি বলেন, আমার মেয়ের বয়সের চেয়ে সে এক বছরের বড়। আমার কন্যার মতো বয়সী হয়ে যে নোংরা ভাষায় আমাকে নিয়ে ট্রল করেছে, সেটা তো কুচিন্তনীয়।
আর টকশোতে হাজির হয়ে বিএনপি নেত্রী সৈয়দা আসিফা আশরাফী পাপিয়াকে আক্রমণ করে মন্তব্য করা প্রসঙ্গে ডা. মুরাদ হাসান বলেন, ”আপনি যদি ওই টকশোটা দেখেন, তাহলেই বুঝতে পারবেন আমি কেন বলেছি”।
“আমি একজন চিকিৎসক। সেই হিসাবে তার সম্পর্কে আমার যে অবজারভেশন, সেটা আমি বলেছি। সেটা ভুল হলে আমি দুঃখিত।
সম্প্রতি একটি ইউটিউব ভিডিওতে খালেদা জিয়ার নাতনিকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেন তথ্য প্রতিমন্ত্রী। পরে গত শনিবার একটি টিভি টকশোতে উপস্থিত বিএনপির সাবেক নারী এমপি সৈয়দা আসিফা আশরাফী পাপিয়াকে ‘মানসিক রোগী’ বলে অভিহিত করে বিতণ্ডায় লিপ্ত হন তিনি। এই দুটি ঘটনা নিয়ে গত ২ দিন ধরে সামাজিক যোগাযোগেরমাধ্যমে তুমুল সমালোচনা হচ্ছে। সূত্র : বিবিসি বাংলা



