বাংলাদেশ
আজ প্রধানমন্ত্রীর ঈদ উপহারের ঘর পাবে ৩৩ হাজার পরিবার

তৃতীয় ধাপে ৬৫ হাজারের বেশি পরিবার পেতে যাচ্ছে প্রধানমন্ত্রীর উপহারের ঘর। ঈদুল ফিতরের উপহার হিসেবে মঙ্গলবার (২৬ এপ্রিল) ভূমিহীন ও গৃহহীন এসব পরিবারের মাঝে ৩২ হাজার ৯০৪টি ঘর হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি সারাদেশে একযোগে তৃতীয় পর্যায়ের জমির দলিল ও ঘরের চাবি প্রদান কর্মসূচি উদ্বোধন করবেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা বলছেন, তৃতীয় ধাপে ৬৫ হাজারের বেশি ঘর ভূমিহীন ও গৃহহীনদের মাঝে হস্তান্তরের পরিকল্পনা ছিল আমাদের। সে লক্ষ্যেই নির্মাণকাজ চলে। এরই মধ্যে ৩২ হাজার ৯০৪টি ঘর নির্মাণ হয়ে গেছে। এগুলো ঈদের আগে গৃহহীন ও ভূমিহীনদের মাঝে হস্তান্তর করার মধ্যদিয়ে তাদের ঈদ আনন্দে নতুন মাত্রা যুক্ত হবে।



