Leadবাংলাদেশ

২৫ মন্ত্রী, ২৪ প্রতিমন্ত্রী নিয়ে নতুন সরকারের যাত্রা শুরু

মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদমর্যাদায় ১০ উপদেষ্টা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশের ১৩তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। তাঁর শপথের পর প্রথমে নতুন সরকারের মন্ত্রী এবং পরে প্রতিমন্ত্রীরা শপথ গ্রহণ করেন।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁদের শপথ পড়ান। এর মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের যাত্রা শুরু হলো। একই সঙ্গে প্রায় দুই যুগ পর বিএনপির নেতৃত্বাধীন সরকারের যাত্রা শুরু হলো।

বাংলাদেশের ইতিহাসের দীর্ঘ ঐতিহ্য ভেঙে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান রাষ্ট্রপতি বঙ্গভবনের পরিবর্তে জাতীয় সংসদ ভবন কমপ্লেক্সের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিএনপি এককভাবে ২০৯ আসনে জয়ী হয়। বিএনপি জোটের শরিকেরা ৩টি আসন পায়। জামায়াতে ইসলামী জোট ৭৭ আসনে জয় পেয়ে প্রধান বিরোধী দল হিসেবে সংসদে যাচ্ছে।

কূটনৈতিক সূত্র জানিয়েছে, চীন, ভারত, পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, ব্রুনাই, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ এবং ভুটানসহ ১৩টি দেশের বিশ্বনেতাদের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগদানের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রিত অতিথিদের মধ্যে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা নয়াদিল্লির প্রতিনিধিত্ব করেছেন।

এ ছাড়াও বাংলাদেশ সংসদ কমপ্লেক্সের জমকালো দক্ষিণ প্লাজায় উপস্থিত অতিথিদের মধ্যে ছিলেন বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং উপদেষ্টা পরিষদের সদস্যরা, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, প্রধান নির্বাচন কমিশনার, সুপ্রিম কোর্টের বিচারপতি, সংসদ সদস্য, রাজনৈতিক নেতা, তিন বাহিনীর প্রধান, কূটনৈতিক কোরের সদস্য, জ্যেষ্ঠ সাংবাদিক এবং উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা।

অনুষ্ঠানে তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান এবং তাঁদের মেয়ে জাইমা রহমান এবং পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। সাদা জামা ও কোট-প্যান্ট পরিহিত তারেক রহমানকে এ সময় অত্যন্ত আত্মবিশ্বাসী এবং প্রাণবন্ত দেখাচ্ছিল। তিনি স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানকে সঙ্গে নিয়ে বিকেল ৩টা ৫৮ মিনিটে শপথগ্রহণ অনুষ্ঠানে প্রবেশ করলে দাঁড়িয়ে করতালি দিয়ে অভ্যর্থনা জানানো হয়।

এর কয়েক মিনিট পরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বিকেল ৪টা ৪ মিনিটে প্রধানমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানস্থলে প্রবেশ করেন। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

নতুন মন্ত্রিসভায় ২৫ জন পূর্ণমন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। সদ্য দায়িত্বপ্রাপ্তরা দেশের উন্নয়ন, সুশাসন ও গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। ক্ষমতাসীন দল বিএনপি এই মন্ত্রিসভাকে একটি ‘সমন্বিত ও কর্মমুখী’ টিম হিসেবে আখ্যায়িত করেছে।

পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পেলেন যারা

মির্জা ফখরুল ইসলাম আলমগীর (স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়), আমির খসরু মাহমুদ চৌধুরী (অর্থ ও পরিকল্পনা), সালাহউদ্দিন আহমদ (স্বরাষ্ট্র), ইকবাল হাসান মাহমুদ (বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ), হাফিজ উদ্দিন আহমেদ (মুক্তিযুদ্ধ বিষয়ক), আবু জাফর মো. জাহিদ হোসেন (মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ),

ড. খলিলুর রহমান (পররাষ্ট্র), আব্দুল আওয়াল মিন্টু (পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন), কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ (ধর্মবিষয়ক), মিজানুর রহমান মিনু (ভূমি), নিতাই রায় চৌধুরী (সংস্কৃতি), খন্দকার আব্দুল মুক্তাদির (বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট), আরিফুল হক চৌধুরী (শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান), জহির উদ্দিন স্বপন (তথ্য ও সম্প্রচার),

মোহাম্মদ আমিন উর রশীদ (কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য), আফরোজা খানম (রিতা) (বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন), মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি (পানিসম্পদ), আসাদুল হাবিব দুলু (দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ), মো. আসাদুজ্জামান (আইন, বিচার ও সংসদ বিষয়ক), জাকারিয়া তাহের (গৃহায়ন ও গণপূর্ত), দীপেন দেওয়ান (পার্বত্য চট্টগ্রাম বিষয়ক),

আ ন ম এহসানুল হক মিলন (শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা), সরদার মো. সাখাওয়াত হোসেন (স্বাস্থ্য ও পরিবার কল্যাণ), ফকির মাহবুব আনাম (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি), শেখ রবিউল আলম (সড়ক ও সেতু, রেলপথ এবং নৌ পরিবহন)।

প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেন যারা
এম রশিদুজ্জামান মিল্লাত (বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন), অনিন্দ্য ইসলাম অমিত (বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ), মো. শরিফুল আলম (বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট), শামা ওবায়েদ ইসলাম (পররাষ্ট্র), সুলতান সালাউদ্দিন টুকু (কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য),

কায়সার কামাল (ভূমি), ফরহাদ হোসেন আজাদ (পানিসম্পদ), মো. আমিনুল হক (টেকনোক্র্যাট) (যুব ও ক্রীড়া), মীর মোহাম্মদ হেলাল উদ্দিন (পার্বত্য চট্টগ্রাম বিষয়ক), হাবিবুর রশিদ (সড়ক পরিবহন ও সেতু), মো. রাজিব আহসান (রেলপথ ও নৌ পরিবহন), মো. আব্দুল বারী (জনপ্রশাসন),

মীর শাহে আলম (স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়), মো. জুনায়েদ আব্দুর রহিম সাকি (অর্থ ও পরিকল্পনা), ইশরাক হোসেন (মুক্তিযুদ্ধবিষয়ক), ফারজানা শারমিন (মহিলা ও শিশু এবং সমাজকল্যাণ), শেখ ফরিদুল ইসলাম (পরিবেশ, বন ও জলবায়ু),

মো. নুরুল হক নুর (শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ), ইয়াসের খান চৌধুরী (তথ্য ও সম্প্রচার), এম ইকবাল হোসেইন (দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ), এমএ মুহিত (স্বাস্থ্য ও পরিবার কল্যাণ), আহম্মদ সোহেল মঞ্জুর (গৃহায়ন ও গণপূর্ত), ববি হাজ্জাজ (শিক্ষা ও প্রাথমিক শিক্ষা), আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম (সংস্কৃতি)।

মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদমর্যাদায় ১০ উপদেষ্টা
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীর ক্ষমতাবলে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদমর্যাদায় ১০ জনকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মন্ত্রী পদমর্যাদায় মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান, রুহুল কবির রিজভী আহমেদ, মো. ইসমাইল জবিউল্লাহ ও রাশেদ আল মাহমুদ তিতুমীরকে উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে।

আর প্রতিমন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে হুমায়ুন কবির, ব্রিগেডিয়ার জেনারেল (অব:) শামসুল ইসলাম, জাহেদ উর রহমান, মাহাদি আমিন ও রেহান আসিফ আসাদকে।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজেও নিয়োগের বিষয়টি উল্লেখ করা হয়েছে।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তারেক রহমানের নেতৃত্বে এই মন্ত্রিসভা দেশের রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে।

Related Articles

Leave a Reply

Back to top button