মিডিয়াওয়াচ

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সদস্যপদ পেলেন ২৭ সাংবাদিক

আমিরজাদা চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া: ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত ২৭ জন সাংবাদিককে ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সহযোগী সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (২৭ জুন) দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে নবীন সদস্যদের হাতে সদস্যপত্র তুলে দেন ক্লাবের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন। স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা।

সভাপতির বক্তব্যে জাবেদ রহিম বিজন বলেন, প্রেসক্লাবের সদস্যপদ সাংবাদিকদের জন্য শুধু একটি পরিচয় নয়, এটি একটি গুরুত্বপূর্ণ দায়িত্বও। নবীন সহযোগী সদস্যদের কাছে প্রত্যাশা একটাই, তারা ক্লাবের মর্যাদা অক্ষুণ্ন রেখে সত্য ন্যায় ও জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সাংবাদিকতা করবেন। পাশাপাশি পেশাগত দায়িত্ব, নৈতিকতা, শৃঙ্খলা ও বস্তুনিষ্ঠতা বজায় রেখে মানুষের আস্থা অর্জন করবেন এবং সিনিয়র সাংবাদিকদের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে নিজেদের আরও দক্ষ করে তুলবেন।

◉ তেজগাঁও প্রেসক্লাবের নতুন সভাপতি হাবিব সম্পাদক শামীম

সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা বলেন, সাংবাদিকতা একটি চ্যালেঞ্জিং পেশা। তথ্য যাচাই-বাছাই ছাড়া কোনো সংবাদ প্রকাশ করা উচিত নয়। প্রেসক্লাব সব সময় সদস্যদের পেশাগত দক্ষতা উন্নয়নে কাজ করে। তিনি নবীন সদস্যদের দায়িত্বশীল অনুসন্ধানী ও মানবিক সাংবাদিকতায় নিজেদের সম্পৃক্ত করার আহ্বান জানান এবং ক্লাবের শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় উপস্থিত সিনিয়র সাংবাদিকরা নবীন সদস্যদের অভিনন্দন ও স্বাগত জানিয়ে বলেন, সাংবাদিকতার মূল শক্তি হলো বিশ্বাসযোগ্যতা। ব্যক্তি বা গোষ্ঠীর প্রভাবমুক্ত থেকে তথ্যনির্ভর সংবাদ পরিবেশনের পাশাপাশি মানুষের সমস্যা উন্নয়ন ও সম্ভাবনার চিত্রও সংবাদে তুলে ধরতে হবে।

সদস্যপত্র পেয়ে নবীন সদস্যদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করে একাধিক সদস্য বলেন, কর্মজীবনের প্রতিটি পর্যায়ে একটি নির্ভরযোগ্য আশ্রয়ের প্রয়োজন হয়। সাংবাদিকদের জন্য সেই আশ্রয়স্থল ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব। সহযোগী সদস্য হতে পেরে আমরা গর্বিত। এই সদস্যপদ আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। সিনিয়রদের দিকনির্দেশনা অনুসরণ করে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে সাংবাদিকতা করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করছি।

◉ মাদক কারবারির হামলার শিকার ৩ সাংবাদিক, আটক ৪

নবীন সদস্যদের মধ্যে অভিব্যক্তি জানান, নাগরিক টিভি জেলা প্রতিনিধি আবুল হাসনাত রাফি, এখন টিভির স্টাফ রিপোর্টার আজিজুল সঞ্চয়, দেশ টিভির জেলা প্রতিনিধি মেহেদী নুর পরশ, চ্যানেল ওয়ান প্রতিনিধি শফিকুল ইসলাম, মানবকন্ঠের শফিকুল ইসলাম স্বপন, সাংবাদিক আব্দুল মালেক প্রমুখ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি ইব্রাহিম খান সাদাত, যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম অপু, কোষাধ্যক্ষ মোশারফ হোসেন বেলাল, দপ্তর সম্পাদক ফরহাদুল ইসলাম পারভেজ, আইসিটি ও তথ্যপ্রযুক্তি সম্পাদক মোজাম্মেল হক চৌধুরী, পাঠাগার সম্পাদক মুজিবুর রহমান এবং নির্বাহী সদস্য শাহজাহান সাজু ও বিল্লাল হোসেন।

নিউজ নাউ বাংলা/এফওয়াই/ জেডআরসি/ ‌২৯ জুন ২০২৬

Related Articles

Leave a Reply

Back to top button