বুড়িগঙ্গা দখলকারীদের নাম-ঠিকানা আদালতে দাখিলের নির্দেশ

বুড়িগঙ্গা নদীর আদি চ্যানেল (হাজারীবাগ ও কামরাঙ্গীর চর) সিএস/আরএস অনুসারে জরিপ করে দখলকারীদের নাম-ঠিকানাসহ প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
সোমবার (১২ অক্টোবর) বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন।
এছাড়া, আগামী তিন মাসের মধ্যে হলফনামা আকারে আদালতে ওই প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ এর দায়েরকৃত জনস্বার্থ সংশ্লিষ্ট এক রিট মামলার সম্পূরক শুনানি শেষে আদালত এই নির্দেশ দেন।
আদালতে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। তিনি জানান, চার নদীর অবৈধ দখল বন্ধ অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইআরপিবি) দায়েরকৃত জনস্বার্থ সংশ্লিষ্ট মামলায় দুই ২০০৯ সালে বিচারপতি এবিএম খায়রুল হক ও বিচারপতি মমতাজউদ্দীন আহমেদ রায় প্রদান করে নদীর সীমানা জরিপ দখলদারদের উচ্ছেদসহ ৯ দফা নির্দেশনা দেন।
রায়ের আলোকে জরিপের সময় হাজারীবাগ-কামরাঙ্গীর চর এলাকায় বুড়িগঙ্গা নদীর অংশ `আদি চ্যানেল` জরিপের বাহিরে থাকায় এইচআরপিবির পক্ষ থেকে আবেদন করে উক্ত এলাকায় বুড়িগঙ্গা নদীর অংশ আদি চ্যানেলের জায়গা জরিপ করে দখলকারীদের চিহ্নিত করার আবেদন জানানো হয় ২০১৫ সালে।
শুনানি শেষে তখন বিচারপতি মির্জা হোসেইন হায়দারের ডিভিশন বেঞ্চ আদি চ্যানেল সিএস/আরএস বিশেষ জরিপ টিম গঠন করে সীমানা নির্ধারণ করে আদালতে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেন। পরবর্তীতে এই আরপিবির পক্ষে একটি সম্পূরক আবেদনে হাজারীবাগ-কামরাঙ্গীর চর এলাকায় বুড়িগঙ্গা নদীর অংশ উদ্ধার ও দখলকারীদের উচ্ছেদের আবেদন জানানো হলে, সে বিষয়ে আজ (১২ অক্টোবর) শুনানি অনুষ্ঠিত হয়।



