শেখ কামাল অ্যাথলেটিক্সের চূড়ান্ত পর্বের উদ্বোধন; শীর্ষে খুলনা বিভাগ

শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা-২০২৩ এর (চুড়ান্ত পর্ব) আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে আজ। এতে ৮ বিভাগের ৩৯০জন অ্যাথলেট অংশগ্রহণ করেছেন। বিভাগীয় পর্যায়ের বিজয়ী প্রতিযোগিদের নিয়ে ২দিন ব্যাপী এই প্রতিযোগিতা জাতীয় পর্যায়ের চলছে।
আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত এ প্রতিযোগিতার ১ম দিনে ১৬ ইভেন্ট শেষে পদক তালিকার শীর্ষে খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থা। ৮টি স্বর্ণ, ০৭ টি রৌপ্য ও ১ টি ব্রোঞ্জ মোট ১৬টি পদক নিয়ে খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থা পদক তালিকার শীর্ষে অবস্থান করছে।
৪ টি স্বর্ণ, ০২টি রৌপ্য এবং ৫ টি ব্রোঞ্জ সহ মোট ১১টি পদক নিয়ে ২য় অবস্থানে আছে ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থা এবং ০২ টি স্বর্ণ ,০১টি রৌপ্য ৩টি ব্রোঞ্জ সহ মোট ৬টি পদক নিয়ে ৩য় অবস্থানে আছে চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বাংলাদেশের আধুনিক ক্রীড়ার রূপকার শহীদ শেখ কামালের নামকরণে দেশব্যাপী আয়োজিত এই প্রতিযোগিতার ইউনিয়ন, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ের খেলা ইতিমধ্যে সমাপ্ত হয়েছে।
গত ১৪ জানুয়ারী হতে সারাদেশ ব্যাপী ৪৯৪টি উপজেলা পর্যায় শুরু হয়েছিল। পর্যায়ত্রমে এই প্রতিযোগিতা ইউনিয়ন ও উপজেলা প্রতিযোগিতা শেষ হওয়ার পরে সকল উপজেলার সমন্বয়ে ৬৪টি জেলায় প্রতিযোগিতা হয়ে বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতা হয়েছে।

৪৯৪টি উপজেলায় প্রায় ৩ লক্ষ বিশ হাজার অ্যাথলেট এই প্রতিযোগিতায় অংশগ্রহন করেছেন। সেখান থেকে পর্যায়ক্রমে ৮টি বিভাগীয় প্রতিযোগিতার ১ম ও ২য় স্থান অর্জনকারী মোট ৩৯০জন অ্যাথলেট ও ২৪জন ম্যানেজার/কোচ অংশগ্রহণ করছেন। এই প্রতিযোগিতা ২ গ্রুপে ৩২টি ইভেন্টে অনুষ্ঠিত হচ্ছে। ক-গ্রুপ ৬ষ্ট থেকে ৮ম শ্রেনী (ছাত্র ও ছাত্রী) ৮টি ইভেন্ট এবং খ-গ্রুপ ৯ম-১০ম শ্রেণী (ছাত্র ও ছাত্রী) ২৪টি ইভেন্ট।

আজ আর্মি স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারী শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল, এমপি এবং বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন মিয়া। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রকিব (মন্টু)।



