খেলার মাঠে থানা: প্রতিবাদ করায় মা-ছেলে আটক

রাজধানীর কলাবাগানের তেঁতুলতলা মাঠে ভবন নির্মাণের প্রতিবাদে ফেসবুক লাইভ করায় সৈয়দা রত্না নামে এক নারী ও তার ছেলে ঈসা আব্দুল্লাহকে আটক করেছে পুলিশ। এই মাঠে কলাবাগান থানার ভবন নির্মাণের কথা রয়েছে।
রোববার (২৪ এপ্রিল) সকালে তেঁতুলতলা মাঠ থেকে তাকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। সকালে সৈয়দা রত্না মাঠে ভবন নির্মাণের প্রতিবাদে লাইভ করছিলেন। লাইভ দেওয়ার সময় তাকে আটক করা হয়।
পুলিশ বলছে, সরকারি কাজে বাধা দেওয়ায় দুজনকে আটক করা হয়েছে। সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ওই নারীর বিরুদ্ধে মামলা হবে।
জানা গেছে, তেঁতুলতলা মাঠের এক বিঘা জমি একজন বিহারির মালিকানায় ছিল। ১৯৭১ সালের স্বাধীনতাযুদ্ধের পর তিনি আর দেশে ফেরেননি। সেই জায়গাটিতে স্থানীয় শিশু-কিশোররা খেলাধুলা করত।
সরকারি খাসজমি হিসেবে নথিভুক্ত এই ফাঁকা জায়গাটিতে থানা করতে বরাদ্দ দিয়েছে সরকার। এরপর থেকেই সেই জায়গাটি খেলাধুলার জন্য ফাঁকা রাখার দাবি উঠেছে।
রাজধানীর বিভিন্ন এলাকায় খেলার মাঠের সংকট থাকলেও কলাবাগানে সিটি করপোরেশনের খেলার মাঠ আছে। কলাবাগান বাসস্ট্যান্ডের পাশেই সেই মাঠ।
এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিউমার্কেট-কলাবাগান জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান গণমাধ্যমকে বলেন, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে সৈয়দা রত্না ও তার ছেলে ঈসা আব্দুল্লাহকে আটক করা হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান সিনিয়র সহকারী পুলিশ কমিশনার শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান।



