বাংলাদেশ

খালেদা জিয়াকে বিদেশ নেওয়ার আবেদন প্রক্রিয়াধীন: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানো ও উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিতে তার পরিবারের করা আবেদনটি এখনও প্রক্রিয়াধীন রয়েছে।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) একটি অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বৃদ্ধির বিষয়টি এখনও প্রক্রিয়াধীন। একইসঙ্গে তাকে বিদেশ নেওয়ার আবেদনটিও প্রক্রিয়াধীন রয়েছে। সময়মতো সিদ্ধান্ত জানানো হবে।

এর আগে আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানো এবং চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার অনুমতি চেয়ে তার পরিবারের করা আবেদনের বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

গত রোববার রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউশনে আইন কমিশনের রজতজয়ন্তী উদযাপন অনুষ্ঠান শেষে তিনি বলেন, ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারা অনুযায়ী খালেদা জিয়া কারাগার থেকে মুক্তির জন্য আবেদন করেছিলেন। কিন্তু সে আবেদনে তিনি চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে আবেদন করেননি।

তাই এখন বিদেশে যেতে হলে প্রথমে কারাগারে ফিরে যেতে হবে এবং তারপরে জেল থেকে মুক্তি পাওয়ার শর্ত এবং বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে একটি নতুন আবেদন করতে হবে।

 

Related Articles

Leave a Reply

Back to top button