বাংলাদেশ

ঢাকায় পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার (২৬ মার্চ) দুই দিনের সফরে ঢাকায় এসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

শুক্রবার (২৬ মার্চ) সকালে ভারতের প্রধানমন্ত্রী হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা সেরে তিনি সাভার জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে নিহত শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন।

এরপর ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করবেন মোদী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঢাকায় এসেছেন। ঢাকা সফরকালে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে তিনি দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

২৬ মার্চ বিকেলে জাতীয় প্যারেড স্কয়ারে স্বাধীনতা দিবসের জাতীয় অনুষ্ঠানে তিনি যোগ দেবেন। করোনাকালে ভারতের প্রধানমন্ত্রীর এটাই প্রথম বাংলাদেশ সফর। দুই দিনের সফর শেষে শনিবার (২৭ মার্চ) তিনি ঢাকা ত্যাগ করবেন।

২০১৫ সালের ৬-৭ জুন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথমবার ঢাকা সফর করেন। এবার তিনি দ্বিতীয় দফায় ঢাকা সফরে আসলেন।

Related Articles

Leave a Reply

Back to top button