কাবুলে ড্রোন হামলায় বেসামরিক নাগরিক হত্যার কথা স্বীকার করলো আমেরিকা

আফগানিস্তানে গত মাসে মার্কিন সামরিক বাহিনী যে ড্রোন হামলা চালিয়েছিল তাতে ১০ বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে স্বীকার করেছে পেন্টাগন।
২৯শে অগাস্টের ঐ ড্রোন হামলায় একজন সহায়তা কর্মী ও তার পরিবারের ৯ জন সদস্য মারা যায়, যাদের মধ্যে ৭ জন শিশু ছিল। নিহতদের মধ্যে পরিবারের সর্বকনিষ্ঠ সদস্য দুই বছর বয়সী সুমাইয়াও ছিল।
আফগানিস্তান থেকে পুরোপুরি সেনা প্রত্যাহার করার কয়েকদিন আগে কাবুলে হওয়া ড্রোন হামলায় ১০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে স্বীকার করেছে যুক্তরাষ্ট্র।
যদিও ড্রোন হামলার পর ওয়াশিংটন দাবি করেছিল, হামলায় যারা মারা গেছে তারা সবাই সন্ত্রাসী।
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের জেনারেল কেনেথ ম্যাকেঞ্জি জানান, মারা যাওয়া সহায়তা কর্মীকে আইএসকের – আফগানিস্তানে ইসলামিক স্টেট গ্রুপের স্থানীয় শাখা – সদস্য ভেবে ভুল করেছিল মার্কিন গোয়েন্দা সংস্থা।
জামাইরি আকমাদি নামের ঐ সহায়তা কর্মী ২৯শে অগাস্ট তার নিজের বাড়িতে যখন গাড়ি রাখছিলেন, তখন হামলার ঘটনা ঘটে।



