বাংলাদেশ

পুলিশ বাহিনী আজ জনগণের ভালোবাসায় পরিণত: আইজিপি

যেকোনো পরিস্থিতিতে দায়িত্বের বাইরে গিয়েও সবার পাশে দাঁড়ানোয়, পুলিশ বাহিনী আজ জনগণের ভালোবাসায় পরিণত হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

সোমবার (১৪ জুন) সকালে রাজশাহী চারঘাট উপজেলার সারদা পুলিশ একাডেমিতে বাংলাদেশ পুলিশ একাডেমির ৩৮ তম ক্যাডেট উপ-পরিদর্শক (এসআই) ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, ‘দেশের অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ, সন্ত্রাস দমন, মাদকের অপব্যবহার বিস্তার রোধে কার্যকর ভূমিকা পালন করতে হবে। সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে বাংলাদেশ পুলিশের পেশাদারিত্ব ও সাহসিকতা আজ প্রশংসিত।’

তিনি বলেন, ‘মানুষের ভালোবাসা ও আস্থা ধরে রাখতে ন্যায়, নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করার বিকল্প নেই।’

তিনি আরও বলেন, পুলিশের প্রতিটি সদস্যকে নারী, শিশু, বৃদ্ধ ও প্রতিবন্ধীসহ সব সেবাপ্রত্যাশী জনগণের প্রতি সংবেদনশীল আচরণ করতে হবে।’ ‘জনগণের সাংবিধানিক ও আইনগত অধিকার প্রতিষ্ঠায় সরকার বিভিন্ন আইনকে সংস্কারের মাধ্যমে যুগোপযোগী করেছে। জনগণকে আইনি সহায়তা দেয়ার ক্ষেত্রে তথ্যের ভিত্তিতে পুলিশ সদস্যদের দ্রুত ব্যবস্থা নিতে হবে।

এর আগে আইজিপি ৩৮তম এসআই ব্যাচের সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন করেন। পরে আইজিপি একাডেমি চত্বরে বঙ্গবন্ধু ম্যুরাল, ব্যারাক ভবন এবং একাডেমি মসজিদের বর্ধিতাংশের উদ্বোধন করেন।

পরে তিনি প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন এবং তাদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন। এছাড়াও সারদা পুলিশ একাডেমি চত্বরে একটি চারা গাছ রোপণ করেন আইজিপি বেনজীর।

উল্লেখ্য, সারদা পুলিশ একাডেমিতে এক বছর মেয়াদি পুলিশের এই প্রশিক্ষণে নতুন নিয়োগ পাওয়া ৫৭ জন নারীসহ এক হাজার ২৩১ জন এসআই অংশ নেন।

আইজিপি বেনজীর আহমেদ, এ প্রশিক্ষণে শ্রেষ্ঠত্ব অর্জনকারী পাঁচ পুলিশের হাতে ক্রেস্ট তুলে দেন।

Related Articles

Leave a Reply

Back to top button