বিশ্ব

আর্মেনিয়া-আজারবাইজান সীমান্তে রাতভর সংঘর্ষে প্রায় শতাধিক সেনা নিহত

দুই প্রতিবেশি দেশ আর্মেনিয়া এবং আজারবাইজানের মাঝে আবারো সংঘর্ষে উভয়পক্ষের প্রায় ১০০ জন সেন নিহত হয়েছেন। 

সোমবার রাতভর চলা এ সংঘর্ষে  নিহত ১০০ জনের মধ্যে ৪৯ জন আর্মেনিয়ার এবং ৫০ জন আজারবাইজানের।

বুধবার (১৪ সেপ্টেম্বর) এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি

এর আগে, সংঘর্ষের পর তাৎক্ষণিকভাবে আর্মেনিয়ার অর্ধশত সেনা নিহত হওয়ার কথা জানা যায়। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে আজারবাইজানের সেনা নিহতের তথ্যও সামনে এলো।

আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান জানিয়েছেন, রাতভর চলা এ সংঘর্ষে তাদের ৪৯ জন সৈন্য নিহত হয়েছে। অন্যদিকে আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সংঘর্ষে তাদেরও ৫০ জন সৈন্য নিহত হয়েছে।

অন্যদিকে মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) রাশিয়া বলেছে, সর্বশেষ সংঘর্ষ বন্ধের জন্য তারা একটি যুদ্ধবিরতির মধ্যস্থতা করছে।

প্রতিবেশী দেশ দু’টি একে অপরের সঙ্গে দু’টি যুদ্ধ করেছে এবং তিন দশক ধরে নিয়মিত ছোট ছোট সংঘর্ষ জড়িত হয়েছে। দু’দেশের মধ্যে ঝামেলার মূলে রয়েছে নাগোরনো-কারাবাখ অঞ্চল, যা মূলত দীর্ঘদিন ধরে আন্তর্জাতিকভাবে আজারবাইজানের অঞ্চল হিসেবে স্বীকৃত।

১৯৮০-এর দশকে সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত থাকার সময় নাগোরনো-কারাবাখ নিয়ে প্রথম দুই দেশের মধ্যে সংঘাতের সূত্রপাত হয়। এর পর কয়েক যুগ ধরেই লড়ছে আর্মেনিয়া এবং আজারবাইজান। দীর্ঘ এই সংঘাতে প্রাণ হারিয়েছে হাজার হাজার মানুষ।

Related Articles

Leave a Reply

Back to top button