বাংলাদেশ

রাত ৮টার মধ্যে সব দোকান-শপিং মল বন্ধ করতে হবে: মেয়র তাপস

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস জানিয়েছেন, জরুরি পরিষেবা ছাড়া রাত ৮টার মধ্যেই ঢাকার সব দোকানপাট, শপিং মল বন্ধ করতে হবে।

সোমবার (১৬ মে) মেয়র হিসেবে দায়িত্ব পালনের দুই বছর পূর্তি উপলক্ষে নগর ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ঢাকার ধারণক্ষমতা সব সীমাবদ্ধতা ছাড়িয়ে গেছে মন্তব্য করে মেয়র তাপস বলেন, আমরা দ্রুত সমস্যার সমাধান করতে চাই। এ জন্য রাত ৮টার মধ্যেই ঢাকার সব দোকানপাট, শপিং মল বন্ধ করতে হবে। তবে খাবারের দোকান রাত ১০টা এবং ওষুধের দোকানসহ জরুরি প্রয়োজনীয় সেবাগুলো সুবিধামতো সময় পর্যন্ত খোলা রাখা যাবে।

তিনি বলেন, বিশ্বের অন্যান্য বড় শহরে দোকানপাট, শপিং মল রাত ৮টা থেকে ৯টার মধ্যে কার্যক্রম শেষ করে। ঢাকার শৃঙ্খলা ফেরাতে আমাদেরও এই উদ্যোগ নিতে হবে।

তিনি আরও বলেন, রাত ৮টায় দোকানপাট বন্ধ করলে যানজট নিয়ন্ত্রণে আসবে। এ ছাড়া পরিবারকে আরও বেশি সময় দেওয়া যাবে। পারিবারিক বন্ধন আরও দৃঢ় হবে।

রাত ৮টার পর দোকান বন্ধ করার বিষয়ে উদ্যোগ গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

মেয়র বলেন, ‘আমরা যে খালগুলোর দায়িত্ব বুঝে নিয়েছি, সেগুলো হতে বর্জ্য ও পলি অপসারণ করে চলেছি।’
আগামী ১ জুলাই থেকে ডিএসিসির নর্দমায় কোনও পয়ঃবর্জ্য বা পানির সংযোগ আর দিতে দেওয়া হবে না বলে জানান মেয়র। তিনি বলেন, ‘পয়ঃবর্জ্য বা পানি ব্যবস্থাপনা ওয়াসার দায়িত্ব। ওয়াসা সেই দায়িত্ব পালন করুক বা না করুক, আমরা আমাদের স্ট্রম স্যুয়ারেজে আর কোনও পয়ঃবর্জ্যের বা পানির সংযোগ দেবো না। সেজন্য ঢাকাবাসীকেও আমরা অনুরোধ করছি, আপনারা আপনার বাড়ি বা ভবনে যথানিয়মে সোক ওয়েল ও সেফটিক ট্যাংক নির্মাণের ব্যবস্থা নিন। নতুবা আমাদের কঠোর হতে হবে।’

Related Articles

Leave a Reply

Back to top button