পরীমনির গাড়িসহ ১৬ আলামত ফেরত দেওয়ার সুপারিশ

নায়িকা পরীমণির জব্দ করা ব্যবহৃত গাড়ি, মোবাইল, ল্যাপটপসহ ১৬টি আলামত তাকে ফেরত দেওয়ার সুপারিশ করে আদালতে প্রতিবেদন জমা দিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী মোস্তফা কামাল।
সোমবার (২৭ সেপ্টেম্বর) পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সৌরভী গণমাধ্যকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, তদন্তকারী সংস্থা সিআইডি দুটি জব্দ তালিকার মোট ১৬টি আলামত তাকে (পরীমনি) দেওয়ার জন্য একটি প্রতিবেদন দাখিল করেছে। প্রতিবেদনে তদন্ত কর্মকর্তা বলেছেন, ‘যদি পরীমনিকে তার থেকে জব্দকৃত আলামত ফেরত দেওয়া হয় সেক্ষেত্রে তদন্তে কোনো বিঘ্ন ঘটবে না।’
এর আগে ১৫ সেপ্টেম্বর ঢাকা মহানগর হাকিম আদালতে পরীমনির গাড়ি, ল্যাপটপ ও মোবাইলসহ ১৬টি জব্দ করা আলামত জিম্মায় চেয়ে আবেদন করেন। আদালত মালিকানা যাটাই করে তদন্ত কর্মকর্তাকে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেন।
তার আগে ৩১ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ শুনানি শেষে পরীমনির জামিন মঞ্জুর করেন। পরদিন গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে মুক্ত হন পরীমনি।
গত ৪ আগস্ট সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পরীমনিকে তার বনানীর বাসা থেকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।


