হাইতির প্রধানমন্ত্রীকে হত্যার চেষ্টা

হাইতির প্রেসিডেন্টকে হত্যার পাঁচ মাস পর প্রধানমন্ত্রী অ্যারিয়েল হেনরিকে হত্যার চেষ্টা করা হয়েছে। তার কার্যালয়ের পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, গত শনিবার দেশটির স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে তাকে লক্ষ্য করে হামলা চালানো হয়। তবে এই চেষ্টা ব্যর্থ হয়েছে। খবর রয়টার্স।
এদিকে যুক্তরাজ্যের গণমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, বন্দুকধারী হাইতির প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে হামলা চালিয়েছিল। হাইতির গোনাইভের শহরের একটি গির্জায় এই ঘটনা ঘটে।
এই ঘটনার একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। এতে দেখা যায়, গুলি শুরুর পর প্রধানমন্ত্রী অ্যারিয়েল হেনরি ও তার নিরাপত্তা দল গাড়ির দিকে ছুটছেন।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ওই দুর্বৃত্তদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গোলাগুলিতে একজন নিহত ও দুজন আহত হয়েছেন।
প্রধানমন্ত্রীর ওপর হামলাকারীকে ‘দস্যু ও সন্ত্রাসী’ হিসেবে আখ্যা দিয়েছে তার কার্যালয়। শনিবারের ওই ঘটনার পর হামলাকারীকে ধরতে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
গত ৭ জুলাই রাতে হাইতির রাজধানী পোর্ট অব প্রিন্সে নিজ বাসভবনে হত্যাকাণ্ডের শিকার হন দেশটির প্রেসিডেন্ট জোভেনেল মইসি। ওই হত্যাকাণ্ডের পরে তৎকালীন ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ক্লঁদে জোসেফের সঙ্গে ক্ষমতা নিয়ে দ্বন্দ্ব শুরু হয়। এরপর প্রধানমন্ত্রী পদে বসেন অ্যারিয়েল হেনরি।



