বাংলাদেশ

হজ ও ওমরা ব্যবস্থাপনায় হচ্ছে নতুন আইন

হজ ও ওমরা সুষ্ঠুভাবে ব্যবস্থাপনা করতে নতুন আইন করছে সরকার।

সোমবার (২৮ ডিসেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠকে ‘হজ ও ওমরা ব্যবস্থাপনা আইন ২০২০’ এর খসড়া নীতিগত অনুমোদন দেয়া হয়।

এই আইনটি পাস হলে হজ ও ওমরা এজেন্সি অনিয়ম করলে নিবন্ধন বাতিলের পাশাপাশি সর্বোচ্চ ৫০ লাখ টাকা জরিমানা দিতে হবে।

মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, একটা নীতিমালার মাধ্যমে এতদিন হজ ব্যবস্থাপনা চলেছে। ফলে অনেক সময় ব্যবস্থা নিতে অসুবিধা হত। ব্যবস্থা নিলে সংশ্লিষ্টরা হাইকোর্টে গিয়ে স্থগিতাদেশ নিয়ে আসতো। ২০১১ সাল থেকে হজ ব্যবস্থাপনায় পরিবর্তন এনেছে সৌদি আরব। এছাড়া পাকিস্তান, ভারত, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া হজ ব্যবস্থাপনায় আইন করেছে।

তিনি আরও বলেন, ২০১২ সালে মন্ত্রিসভার নির্দেশনা ছিল নীতিমালার পরিবর্তে আইন করার। কেননা নতুন আইনে হজ ও ওমারা ব্যবস্থাপনার সার্বিক দায়িত্ব থাকবে সরকারের ওপর ন্যস্ত। সরকার হজ ও ওমরাহ ব্যবস্থাপনার লক্ষ্যে সৌদি সরকারের সঙ্গে চুক্তি ও সমঝোতার ভিত্তিতে সে দেশের যেকোনও স্থানে হজ অফিস স্থাপনসহ সার্বিক কার্যক্রম নিতে পারবে।

হজ এজেন্সিগুলো স্বত্ত্ব পরিবর্তন করতে চাইলে নিবন্ধন কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিতে হবে।

তিনি জানান, নতুন এ আইনে ওমরাহ এজেন্সি অনিয়ম করলে নিবন্ধন খোয়ানোর সঙ্গে সর্বোচ্চ ১৫ লাখ টাকা পর্যন্ত জরিমানা দিতে হবে। অনিয়মের জন্য পর পর দুই বছর ওয়ার্নিং দেয়া হলে দুই বছরের জন্য লাইসেন্স বাতিল হবে। এছাড়া সৌদিতে গিয়ে এজেন্সিগুলো কোনও অপরাধ করলেও সেই অপরাধের বিচার বাংলাদেশে করা হবে।

Related Articles

Leave a Reply

Back to top button