স্ত্রীসহ এনআরবি ব্যাংকের পরিচালকের বিরুদ্ধে ২ মামলা

দুর্নীতি দমন কমিশন (দুদক) আড়াই কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এনআরবি ব্যাংক লিমিটেডের পরিচালক এম বদিউজ্জামান ও তার স্ত্রীর বিরুদ্ধে আলাদা দুটি মামলা করেছে।
সোমবার (২৭ সেপ্টেম্বর) দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১ এ সহকারী পরিচালক মো. সাইদুজ্জামান বাদী হয়ে এ দুটি মামলা দায়ের করেন।
দুদকের (জনসংযোগ) উপ-পরিচালক মুহাম্মদ আরিফ সাদেক গণমাধ্যমকে এ তথ্য জানান।
জানা যায়, প্রথম মামলায় এনআরবি ব্যাংকের পরিচালক এম বদিউজ্জামানের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত মােট ১ কোটি ৩ লাখ ১০ হাজার ৭২৩ টাকার সম্পদ নিজ দখলে রাখার অভিযোগ এনেছে দুদক। যে অভিযোগে এম বদিউজ্জামানকে আসামি করা হয়েছে।
দ্বিতীয় মামলায় এম বদিউজ্জামানের স্ত্রী নাসরিন জামান ও বদিউজ্জামানকে আসামি করা হয়েছে। মামলার এজাহারে নাসরিনের বিরুদ্ধে ১ কোটি ৪৯ লাখ ২৮ হাজার ৯২৩ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।



