
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনকে থাইল্যান্ড নেয়া হচ্ছে। সোমবার (০৬ জুলাই) সেখানে তাকে বামরুনগ্রাদ হাসপাতালে ভর্তি করা হবে।
শুক্রবার (০৩ জুলাই) দুপুরে সাহারা খাতুনের ভাগিনা মজিবর রহমান এ তথ্য জানান।
সাহারা খাতুন দীর্ঘ দিন ধরে রাজধানীর ইউনাইটেড হাসপতালে চিকিৎসাধীন। এ সময় তার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি৷ তিনি গত ২৬ জুন থেকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রয়েছেন ৷
শুক্রবার মজিবর রহমান আরও জানান, উনার চিকিৎসার জন্য থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। সোমবার নেওয়ার জন্য সেখান থেকে অনুমতি পাওয়া গেছে ৷ সোমবার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে থাইল্যান্ড নেওয়া হবে৷ তিনি আইসিইউতেই আছেন, মাঝে মধ্যে তাকাচ্ছেন। তবে কথা বলতে পারেন না ৷
গত ২ জুন জ্বর, এ্যালার্জিসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে অসুস্থ অবস্থায় সাহারা খাতুন ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন।



