‘এক থেকে দুই মিনিটের মধ্যেই সিনহাকে গুলি’

মেজর (অব.) সিনাহ মো. রাশেদ খান হত্যার রহস্য জানতে, প্রধান ৩ আসামি বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশ, এসআই লিয়াকত আলী ও এসআই নন্দ দুলাল রক্ষিতকে নিয়ে ঘটনাস্থলে যান এই মামলা তদন্তকারী সংস্থা র্যাবের একটি দল।
শুক্রবার (২১ আগস্ট) বেলা সাড়ে ১১ টায় র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল তোফায়েল মোস্তাফা সরওয়ারের নেতৃতে র্যাবের একটি দল সিনহা খুনের ঘটনাস্থল বাহারছড়া শামলাপুরে পৌঁছায়। সিনহাকে গুলি করার ঘটনার বিস্তারিত ব্যাখ্যা জানতেই তাদের ঘটনাস্থলে নেয়া হয়।
পরে গণমাধ্যমে, র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল তোফায়েল মোস্তফা সরোয়ার জানান, মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যাকাণ্ডের ঘটনাটি গভীরভাবে অ্যানালাইসিস করা হচ্ছে। তিনি বলেন, ‘মেজর সিনহাকে গুলিবর্ষণের পুরো ঘটনাটি সংঘটিত হয়েছে এক থেকে দুই মিনিটের মধ্যেই। এই দুই মিনিটের প্রতিটি সেকেন্ডের ঘটনাপ্রবাহ আমরা বিচার-বিশ্লেষণ করছি। প্রতিটি সেকেন্ডই অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এই ঘটনার অনেক তথ্য-উপাত্ত আমরা সংগ্রহ করেছি।’
শুক্রবার (২১ আগস্ট) দুপুর ১টায় মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যাকাণ্ডস্থল ঘুরে টেকনাফের শামলাপুর চেকপোস্টে গণমাধ্যমকর্মীদের এসব কথা বলেন র্যাবের এই কর্মকর্তা।
তিনি আরো জানান, র্যাবের আইন ও মিডিয়া উইং প্রধান লে. কর্ণেল আশিক বিল্লাহ এবং সিনহা হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা র্যাব-১৫ এর সহকারী পরিচালক সিনিয়র পুলিশ সুপার মোহাম্মদ খায়রুল ইসলাম ঘটনাস্থল ও আশপাশ গভীরভাবে পর্যবেক্ষণ করেন। এসময় সেখানে স্থানীয় লোকজনের সাথেও কথা বলেন র্যাবের কর্মকর্তারা।
পূর্ব সিদ্ধান্ত মতো তদন্তের অংশ হিসেবে কিভাবে সিনহাকে হত্যা করা হয়েছিলো তার প্রকৃত চিত্র তুলে আনতে ঘটনার রেকি অর্থাৎ রেকি (লক্ষ্যবস্তু নির্ধারণ, আক্রমণপূর্ব পর্যবেক্ষণ, আক্রমণের কলাকৌশল) শুরু করেন।
উল্লেখ্য গত ৩১ জুলাই খুন হওয়া মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান টেকনাফের বাহারছড়ায় পুলিশ চেকপয়েন্টে পুলিশের গুলিতে নিহত হন। এরপর ৫ আগস্ট তার বড়বোন শারমিন শাহরিয়া ফেরদৌস বাদী হয়ে টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ, লিয়াকত আলী, নন্দলাল রক্ষিত, সাফানুর করিম, কনস্টেবল কামাল হোসেন, কনস্টেবল আবদুল্লাহ আল মামুন ও এএসআই লিটন মিয়া সহ ৯জনকে আসামী করে টেকনাফ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। মামলাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে র্যাবকে।



