বাংলাদেশ

রাজধানীতে গণপরিবহন সঙ্কট, ভোগান্তিতে সাধারণ মানুষ

জ্বালানি তেলের দাম বৃদ্ধির খবরে শুক্রবার রাত থেকেই রাজধানীতে গণপরিবহন বন্ধ করে দেয় বাস মালিকরা।

ফলে রাজধানীসহ সারাদেশের রাস্তাগুলোতে রাত ১১টা থেকেই বাস চলাচল একেবারেই কমে আসে।

আর শনিবার সকাল থেকে সড়কগুলোতে গণপরিবহন একেবারেই কমে আসে। হঠাৎ করে বাস বন্ধ হয়ে যাওয়ায় অনেকটা বিপাকে পরেন নগরবাসী।

শনিবার রাজধানীর ফার্মগেট, কারওয়ান বাজার, বাংলামোটর, মগবাজার, কমলাপুর রেল স্টেশন ও সায়দাবাদ বাস স্ট্যান্ড ঘুরে কোনো সিটি বাস চলতে দেখা যায়নি। সকাল থেকে বাস চলাচল বন্ধে ব্যাপক ভোগান্তির শিকার হচ্ছেন অফিসগামীসহ সাধারণ জনগণ।

বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, রাস্তার দুই পাশে রাজধানীতে চলাচল করা বাসগুলো সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে রাখা হয়েছে।

এ বিষয়ে চালক-হেলপারদের সঙ্গে কথা বলে জানা গেছে, ডিজেলের দাম হুট করে যে পরিমাণ বেড়েছে, তাতে আগের ভাড়ায় যাত্রী পরিবহন করা বাসগুলোর পক্ষে সম্ভব হবে না। তাই আপাতত যাত্রী পরিবহন বন্ধ রাখা হয়েছে।

শুক্রবার রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের মূল্য ভোক্তা পর্যায়ে পুনর্নির্ধারণ করা হয়েছে। রাত ১২টার পর থেকে ডিপোর ৪০ কিলোমিটারের ভেতর ভোক্তা পর্যায়ে খুচরা মূল্য লিটারপ্রতি ডিজেল ও কেরোসিন ১১৪ টাকা, লিটারপ্রতি অকটেন ১৩৫ টাকা ও লিটারপ্রতি পেট্রোল ১৩০ টাকা হবে।

এতদিন কেরোসিন ও ডিজেল প্রতি লিটার ৮০ টাকা, অকটেন ৮৯ টাকা প্রতি লিটার ও পেট্রোল ৮৬ টাকা প্রতি লিটারে বিক্রি হচ্ছিল। সূত্র: যুগান্তর।

Related Articles

Leave a Reply

Back to top button