বাংলাদেশভূরাজনীতি

যেকোনও মুহূর্তে রাস্তায় নামবে জনগণ: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের দুঃশাসনের অবসান ঘটাতে জনগণ যেকোনও মুহূর্তে রাস্তায় নেমে আসবে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নিপীড়ন ও জুলুম নিঃসন্দেহে সরকারের অশুভ ইচ্ছা বাস্তবায়নেরই ইঙ্গিতবাহী। তবে সরকারের দুঃশাসনের অবসান ঘটাতে জনগণ যেকোনও মুহূর্তে রাস্তায় নেমে আসবে।’

নাশকতার মিথ্যা ও বানোয়াট অভিযোগে সাতক্ষীরা জেলাধীন শ্যামনগর উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোলায়মান কবীর, বিএনপি নেতা আমির আলী, আব্দুর রশিদ ঢালী, জামিলুর রহমান বাবলু, মোস্তাফিজুর রহমান, নজরুল ইসলাম বেলাল, আনিচুর রহমান, আল মামুন, আব্দুর রহিম, শরিফুল ইসলাম যুবদল নেতা শফিকুল ইসলাম দুলু, কামাল হোসেন, আব্দুল গফফার মিঠু, স্বেচ্ছাসেবক দল নেতা এম নুরুজ্জামান, এস এম আবু বক্কর এবং ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল কাইয়ুম আবুসহ অজ্ঞাতনামা আরও ১৫/১৬ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ বিবৃতি দেন মির্জা ফখরুল।

তিনি বলেন, ‘বর্তমানে করোনা ভাইরাস ও বন্যার দুর্যোগকালীন সময়ে দেশে গরিব মানুষরা ক্ষুধার জ্বালায় হাহাকার করছে। এই অসহায় ও ক্ষুধার্ত মানুষদের পাশে দাঁড়িয়ে বিএনপির ব্যাপক ত্রাণ তত্পরতাকে কোনভাবেই বরদাস্ত করতে পারছে না এই জুলুমবাজ সরকার। তাই মিথ্যা মামলা দিয়ে কারাগারে ভরে ফেলাসহ তাদেরকে নানাভাবে নানা কায়দায় হেনস্তা করতে মরিয়া হয়ে উঠেছে বর্তমান শাসকগোষ্ঠী।

তিনি বলেন, ‘একদিকে করোনা ভাইরাসের মৃত্যুছোবল ও বন্যায় ক্ষতিগ্রস্ত দেশের মানুষের ত্রাহি ত্রাহি অবস্থা, এর ওপর সরকারি দুঃশাসন ও কর্তৃত্ববাদী হিংস্রতায় দেশের মানুষ চরম নৈরাজ্যকর অবস্থার মধ্যে হাবুডুবু খাচ্ছে। গণতান্ত্রিক শক্তির ওপর কর্তৃত্ববাদের সীমাহীন আঘাত যেন তীব্ররূপে আবির্ভূত হয়েছে। গোটা দেশটাই যেন আওয়ামী মগের মুল্লুকে রুপান্তরিত হয়েছে।’

Related Articles

Leave a Reply

Back to top button