বাংলাদেশভূরাজনীতি

ময়মনসিংহ জেলা ও মহানগর আ. লীগের সম্মেলন আজ

৬ বছর পর ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন হতে যাচ্ছে আজ শনিবার (০৩ ডিসেম্বর) ।

ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে সকালে এ সম্মেলন শুরু হবে। সম্মেলনকে ঘিরে নগরজুড়ে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

প্রায় এক সপ্তাহ ধরে চলা সম্মেলনের মূল আকর্ষণ নৌকার আদলে ১২০ ফুট দৈর্ঘ্যের ও ৮০ ফুট প্রস্থের সম্মেলন-মঞ্চ তৈরির কাজ শেষ হয়েছে শুক্রবার। মঞ্চ তৈরিতে কাজ করেছেন প্রায় অর্ধশত শ্রমিক। ব্যবহার করা হয়েছে মানসম্পন্ন উপকরণ, যেখানে একসঙ্গে বসতে পারবেন প্রায় দুইশ অতিথি।

জানা গেছে, সম্মেলনে প্রধান অতিথি থাকবেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। উদ্বোধন করবেন দলের সম্পাদকমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী এমপি, সম্মানিত অতিথি থাকবেন কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক।

প্রধান বক্তা হিসেবে থাকবেন, যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এছাড়া দলের উপদেষ্টা ও সাবেক ধর্মমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মতিউর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মির্জা আজম এমপি ও শফিউল আলম চৌধুরী নাদেল, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল এমপি, সদস্য মারুফা আক্তার পপি ও রেমন্ড আরেং, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু, জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক, সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটুসহ অন্যান্য কেন্দ্রীয় নেতা ও ময়মনসিংহের নেতৃবৃন্দ বক্তব্য দেবেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা। স্বাগত বক্তব্য দেবেন মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম। অনুষ্ঠান সঞ্চালনা করবেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত।

সম্মেলনকে ঘিরে মাঠের চারপাশের গাছ-গাছালি ছাড়াও নগরের প্রতিটি সড়ক ব্যানার, ফেস্টুন ও পোস্টারে ছেয়ে গেছে। দলীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতাদের স্বাগত জানিয়ে এসব ব্যানার-ফেস্টুন-তোরণ টাঙানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button