বিশ্ব

মার্কিন বর্ণবাদ নিয়ে জাতিসংঘের তদন্ত চায় আফ্রিকার দেশগুলো

যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অন্যান্য স্থানে ধারাবাহিকভাবে চলে আসা বর্ণবাদ ও পুলিশী ববর্রতায় আফ্রিকান বংশোদ্ভূত মানুষদের অধিকারের সুরক্ষায় জাতিসংঘ তদন্ত চায় আফ্রিকার দেশগুলো। এর জন্য তৎপরতাও শুরু করেছে মহাদেশটি। জাতিসংঘ মানবাধিকার পরিষদে আফ্রিকার দেশগুলো একটি খসড়া প্রস্তাবনা তৈরি করেছে।

প্রস্তাবটি এখনো উপস্থাপন করা না হলেও জাতিসংঘ মানবাধিকার পরিষদের সদরদপ্তর জেনেভায় এর কপি কূটনীতিকদের মধ্যে বিতরণ করা হচ্ছে। যুক্তরাষ্ট্রে পুলিশের নিপীড়নে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যার প্রেক্ষাপটে আফ্রিকার দেশগুলো এ উদ্যোগ নিচ্ছে। ফ্লয়েড হত্যাকে ঘিরে বিশ্বব্যাপী বর্ণবাদ এবং পুলিশী নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ-বিক্ষোভের ঝড় উঠেছে।

জাতিসংঘ মানবাধিকার পরিষদ বুধবার (১৭ জুন) এ প্রস্তাবনার ওপর একটি জরুরি বিতর্ক অধিবেশন করবে। আফ্রিকার দেশগুলোর পক্ষ থেকে বুরকিনা ফাসো এই বিতর্ক অধিবেশনের আহ্বান জানানোর পর পরিষদের দেশগুলো মঙ্গলবার তাতে সম্মতি দিয়েছে।

যদিও যুক্তরাষ্ট্র এখন আর জাতিসংঘ মানবাধিকার পরিষদে নেই। ইসরায়েলের বিরুদ্ধে পক্ষপাতদুষ্টতার অভিযোগে দুই বছর আগেই পরিষদ ছেড়ে বেরিয়ে গেছে যুক্তরাষ্ট্র। আফ্রিকার দেশগুলোর এ উদ্যোগের ব্যাপারে যুক্তরাষ্ট্র কোনো মন্তব্য করেনি।

তবে প্রস্তাবনায় যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশগুলোকেও তদন্তে পুরোপুরি সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

আফ্রিকার দেশগুলোর খসড়া প্রস্তাবনায় একটি স্বাধীন তদন্ত কমিশন গঠনের আহ্বান জানানো হয়েছে। যে কমিশন যুক্তরাষ্ট্রসহ বিশ্বব্যাপী আফ্রিকান ও আফ্রিকান বংশোদ্ভুত মানুষদের বিরুদ্ধে চলমান বর্ণবাদী নিপীড়নসহ আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন এবং আরো নানা অন্যায়, অবিচার খতিয়ে দেখবে।

সম্প্রতি আফ্রিকান বংশোদ্ভুতদের অধিকারের সুরক্ষায় সোচ্চার হয়ে শান্তিপূর্ণ বিক্ষোভে নামা মানুষদের ওপর পুলিশের বর্বরতার ঘটনা নিয়ে প্রস্তাবনায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

এর পরিপ্রেক্ষিতে ফেডারেল, রাজ্য এবং স্থানীয় সরকার পর্যায়েও শান্তিপূর্ণ বিক্ষোভে পুলিশী তৎপরতা এবং বিক্ষোভকারী, পথচারী ও সংবাদিকদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত শক্তি ব্যবহারের অভিযোগও খতিয়ে দেখতে বলা হয়েছে প্রস্তাবনায়।

Related Articles

Leave a Reply

Back to top button