মানবিক সহায়তার তালিকায় সচ্ছলদের নাম দেয়ায় ৪ প্রতিনিধি শোকজ

মানবিক সহায়তার জন্য সচ্ছলদের নাম তালিকাভুক্ত করার অভিযোগে টাঙ্গাইলের বাসাইলে দুই পৌর কাউন্সিলর ও ইউনিয়ন পরিষদের (ইউপি) দুই সদস্যকে শোকজ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে ওই চার জনপ্রতিনিধিকে শোকজ নোটিশ পাঠান বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শামছুন নাহার স্বপ্না।
উপজেলা প্রশাসন সূত্র জানা গেছে , বাসাইল পৌরসভার সংরক্ষিত এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ববিতা খানম মানবিক সহায়তা নামের তালিকায় তার স্বামী মিজানুর রহমানের নাম ও সচ্ছল ব্যক্তিদের নাম দিয়ে তালিকা জমা দেন।
অপরদিকে, পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রফিকুল ইসলাম রিপন সচ্ছল ব্যক্তিদের নাম দিয়ে তালিকা জমা দেন । এবং উপজেলার ফুলকি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) ফজলুর রহমান ও ৩ নম্বর ওয়ার্ডের সদস্য সাইফুল ইসলামও সচ্ছল কয়েকজন ব্যক্তির নাম উল্লেখ করেছেন।
বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট এলাকায় সমালোচনার সৃষ্টি হয়। উপজেলা প্রশাসন যাচাই-বাছাই করে এর সত্যতা পান। পরে বৃহস্পতিবার বিকেলে ওই চারজনকে শোকজ নোটিশ পাঠান ইউএনও শামছুন নাহার স্বপ্না। আগামী ১৮ মে এর মধ্যে তাদের জবাব দেওয়ার জন্য নোটিশে বলা হয়েছে।



