বাংলাদেশ

বিরোধী নেতাদের কটাক্ষ করতেন না, সম্মান দিয়ে কথা বলতেন বঙ্গবন্ধু


রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, বঙ্গবন্ধু কখনো বিরোধী দলের নেতাদের কটাক্ষ করে কিছু বলতেন না বরং তাদের যথাযথ সম্মান দিয়ে কথা বলতেন। রাজনৈতিক শিষ্টাচার তার জীবনের একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ-২০২০’ উপলক্ষে জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে দেয়া বক্তব্যে এ কথা বলেন তিনি।

রাষ্ট্রপতি বলেন, পার্লামেন্টে বঙ্গবন্ধুর বিরুদ্ধে কেউ কথা বললে স্পিকার বিব্রত হতেন, কিন্তু বঙ্গবন্ধু হতেন না। উদার না হলে গণতান্ত্রিক মনোভাবাপন্ন না হলে এটা ভাবাই যেত না।

তিনি বলেন, রাষ্ট্রপতি বঙ্গবন্ধুকে নিয়ে কিছু বলতে গেলে অনিবার্যভাবে এসে পড়ে ইতিহাস, ইতিহাসের পরম্পরা। ১৯২০ সালের ১৭ মার্চ তৎকালীন গোপালগঞ্জ মহকুমার নিভৃতপল্লী টুঙ্গীপাড়ার এক সম্ভ্রান্ত পরিবারে তার জন্ম। ছোটবেলা কেটেছে গ্রামের কাদাজল, মেঠোপথ আর প্রকৃতির খোলামেলা পরিবেশে। পরোপকার আর অন্যের দুঃখকষ্ট লাঘবে সবসময় তিনি নিজেকে জড়িয়ে নিতেন।

তিনি আরও বলেন, ক্ষণজন্মা এই মহাপুরুষ শৈশব থেকেই ছিলেন অত্যন্ত মানবদরদী কিন্তু অধিকার আদায়ে আপসহীন। মাত্র ১৪ বছর বয়সে ব্রিটিশবিরোধী সভা-সমাবেশে অংশ নেন তিনি। গরিব ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার খরচ চালাতে গড়ে তোলেন ‘মুসলিম সেবা সমিতি’। ১৯৩৮ সালে শেরেবাংলা এ কে ফজলুল হক ও হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সাথে বঙ্গবন্ধুর পরিচয় ঘটে এবং প্রথম পরিচয়েই তিনি নেতাদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হন। সোহরাওয়ার্দীর সাথে নিয়মিত যোগাযোগের মাধ্যমেই রাজনীতিতে তার হাতেখড়ি। তারপর থেকে লেখাপড়া, রাজনীতি ও জনসেবা যুগপৎভাবে চলতে থাকে।

১৯৪৯ সালে ১৭ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের আন্দোলনে সহযোগিতা ও সমর্থন দেয়ার অভিযোগে বঙ্গবন্ধুকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়। মুচলেকা দিয়ে অনেকে ছাত্রত্ব ফিরে পেলেও তিনি সে পথে পা বাড়াননি, তিনি ছিলেন আপসহীন। যেখানেই অন্যায়-অবিচার, শোষণ-নির্যাতন দেখেছেন সেখানেই তিনি প্রতিবাদে নেমে পড়েছেন। জীবনে কখনো নীতি-আদর্শের সঙ্গে আপস করেননি।

তিনি বলেন, আন্দোলন-সংগ্রাম ও কারাভোগের মধ্য দিয়েই শেখ মুজিব বাঙালির অধিকার আদায়ের পথে এগিয়ে চলেন।

আবদুল হামিদ বলেন, ১৯৫৫ সালের ৫ জুন বঙ্গবন্ধু আওয়ামী মুসলিম লীগের হয়ে গণপরিষদের সদস্য নির্বাচিত হন এবং পাকিস্তান গণপরিষদে ভাষণদানকালে ‘পূর্ব পাকিস্তান’ নামের বিরোধিতা করে ‘পূর্ববাংলা’ করার আহ্বান জানান। একই ভাষণে আঞ্চলিক ও স্বায়ত্তশাসনেরও দাবি জানান।

১৯৫৮ সালে আইয়ুব খানের সামরিক শাসনবিরোধী আন্দোলন করতে গিয়ে বঙ্গবন্ধু দুই বছর কারাভোগ করেন এবং ১৯৬৪ সালে আইয়ুব খানের মৌলিক গণতন্ত্রের বিরোধিতা করে আবারও গ্রেফতার হন। কিন্তু কোনো কিছুই শেখ মুজিবকে বাঙালির অধিকার আদায়ের আন্দোলন থেকে দূরে রাখতে পারেনি।

বিশেষ এ অধিবেশনে দেয়া ভাষণে রাষ্ট্রপতি বলেন, কোভিড-১৯ এর থাবায় গোটাবিশ্ব আজ বিপর্যস্ত। ইতোমধ্যে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ১২ লাখ ছাড়িয়েছে। আক্রান্তের সংখ্যাও প্রায় পাঁচ কোটি। এখনও মৃত্যু ও আক্রান্তের মিছিলে প্রতিদিনই যোগ হচ্ছে শত শত মানুষ। বাংলাদেশেও করোনায় কেড়ে নিয়েছে ছয় হাজারের অধিক অমূল্য প্রাণ।

বলেন, আমি দুঃখভারাক্রান্ত হৃদয়ে স্মরণ করছি বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে, যিনি আমাদের মহান মুক্তিযুদ্ধে অপরিসীম অবদান রেখেছেন এবং আমৃত্যু বাংলাদেশের শুভাকাঙ্ক্ষী হিসেবে ভূমিকা পালন করেছেন। করোনাকালে আমরা আরও হারিয়েছি সাবেক মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম, বেগম সাহারা খাতুন, ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ ও বেশ কয়েকজন সংসদ সদস্যসহ অনেক রাজনৈতিক নেতাকে।

এছাড়া হারিয়েছি বিশিষ্ট শিক্ষাবিদ ও জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান, জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার মেজর জেনারেল (অব.) সি আর দত্ত, লে. কর্নেল (অব.) আবু ওসমান চৌধুরী, বিশিষ্ট আইনজীবী ও অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এবং প্রখ্যাত আইনজীবী ও সাবেক অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রফিক-উল হকসহ শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া, রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের অনেক ব্যক্তিকে। আমি তাদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করছি।

 

Related Articles

Leave a Reply

Back to top button