ভূরাজনীতি

বিএনপির থাকা না থাকা নিয়ে জনগণের কোনো আগ্রহ নেই: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি জনআস্থার তীব্র সংকটে ভুগছে।

বুধবার (২ জুন) এক অনলাইন ব্রিফিংয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, বিএনপি আছে বলেই ষড়যন্ত্র আছে, বিএনপির আছে বলেই আগুন সন্ত্রাস আছে। তাই দেশের রাজনীতিতে বিএনপির থাকা না থাকা নিয়ে জনগণের কোনো আগ্রহ নেই।

বিএনপি নেতাদের ‘তারা আছেন এবং রাজনীতিতে সোচ্চার’ বক্তব্যের প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, বিএনপি থাকুক, তবে অপরাজনীতি ত্যাগ করে দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করুক, সরকারের গঠনমূলক সমালোচনা করুক।

ওবায়দুল কাদের আরো বলেন, এসব বক্তব্য বিএনপির চলমান ভাঙা রেকর্ড, যা তারা বাজিয়েই যাচ্ছে। জানান, প্রতিহিংসা নয়, সরকার উদার বলেই বিএনপি নেত্রী এখন পছন্দের ডাক্তারের কাছে চিকিৎসা নিতে পারছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিকতাই বেগম জিয়ার সাজা স্থগিত করে তাকে বাসায় চিকিৎসা নেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, তাদের মাঝে এতটুকু কৃতজ্ঞতাবোধও নেই।

তিনি আরও বলেন ভবিষ্যতেও প্রমাণ হবে জনগণ শেখ হাসিনা সরকারের উন্নয়ন ও অর্জনের সঙ্গে আছে, নাকি বিএনপির সঙ্গে আছে। শেখ হাসিনার উন্নয়ন এবং ভবিষ্যতমুখী রাজনীতি বিএনপির ষড়যন্ত্র ও উন্নয়নবিমুখ রাজনীতিতে সংকটের প্রকট ছায়া ফেলেছে। তাই বিএনপি এখন হতশ্রী ও জনবিচ্ছিন্ন রাজনৈতিক দল।

 

Related Articles

Leave a Reply

Back to top button