ফুটবলকে শিল্পে রূপান্তরিত করেছেন পেলে: নেইমার

ফুটবলের রাজা পেলের মৃত্যুর খবরে শ্রদ্ধা জানিয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। পেলের প্রতি শ্রদ্ধা রেখে এক বার্তায় তিনি বলেছেন, ‘‘পেলের আগে ফুটবল ছিল শুধু একটি খেলা। তিনি ফুটবলকে শিল্পে রূপান্তরিত করেছেন। ফুটবলের সবকিছু বদলে দিয়েছেন।’’
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দিনগত রাতে এক ইনস্টাগ্রামে এক পোস্টে তিনি পেলের প্রতি শ্রদ্ধা জানান। আন্তার্জাতিক সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইনস্টাগ্রামে নেইমার লিখেছেন, পেলের আগে ‘১০’ শুধু একটি সংখ্যা ছিল। যা আমি আমার জীবনে কোথাও না কোথাও পড়েছি। আমি বলবো, পেলের আগে ফুটবল ছিল শুধু একটি খেলা। পেলে সবকিছু বদলে দিয়েছেন। তিনি ফুটবলকে শিল্পে, বিনোদনে রূপান্তরিত করেছেন।
তিনি ফুটবল ও ব্রাজিলের মর্যাদা উন্নীত করেছেন, রাজাকে ধন্যবাদ!
‘তিনি চলে গেছেন, তার জাদু রয়ে গেছে। পেলে চিরদিনের জন্য।’
এর আগে বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দিনগত রাত ১টায় এক প্রতিবেদনে পেলের মৃত্যুর খবর জানায় আন্তার্জাতিক সংবাদমাধ্যম বিবিসি।



