দুর্নীতির পরিমণ্ডলে’ করোনা মোকাবিলা করা যায় না: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, করোনা মোকাবিলা করতে পারেন নাই। স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা দিতে পারেন নাই। যেখানে দুর্নীতির পরিমণ্ডল রচিত হয় সেখানে করোনা মোকাবিলা করা যায় না।
মঙ্গলবার (১৬ জুন) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, ৭১ শতাংশ হাসপাতলে নিরাপত্তাকর্মীকে নিরাপত্তা না দিতে পারায় করোনা চিকিৎসা দেয়া যায়নি। ৮২ পার্সেন্ট স্বাস্থ্যকর্মীকে করোনা মোকাবিলার কোনও যন্ত্রপাতি দিতে পারেন নাই। দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশে সবচেয়ে কম করোনা পরীক্ষা হয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা, মন্ত্রীর ছেলেরা দুর্নীতির সাথে জড়িত। এ সত্য লেখার কারণে রাতের অন্ধকারের রাহা মাহমুদা পলিকে গ্রেফতার করা হয়েছে। আমরা তার নিঃশর্ত মুক্তি দাবি করছি।
লক্ষ্মীপুরের পালেরহাট পাবলিক হাই স্কুলের ছাত্রী হিরা মণির নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানোর পাশাপাশি যশোরের ছাত্রদল নেতা ইব্রাহিমকে ফিরিয়ে দেয়ারও দাবি জানান রিজভী।
রুহুল কবির রিজভী বলেন, এই সরকার কয়েকটি দর্শন চালু করেছে- রাষ্ট্রীয়, সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে। অর্থনীতির ক্ষেত্রে ক্যাসিনো চালু করছে। সামাজিক ক্ষেত্রে নারী নির্যাতন, ধর্ষণ চালু করেছে। রাজনৈতিক ক্ষেত্রে গণতন্ত্র হত্যা করে নবোদ্দ্যমে বাকশাল চালু করেছে। এই দর্শন প্রতিষ্ঠা করতে গিয়ে কত হিরা মণিকে ধর্ষণের শিকার হতে হয়েছে তার কোনও ইয়ত্তা নেই।
রিজভী বলেন, বাংলাদেশে কোথাও নিরাপত্তা নেই। বিরোধী মত, বিরোধী চিন্তার মানুষকে রাতের অন্ধকারে যেকোনও সময় গ্রেফতার করে নিয়ে যায় আইনশৃঙ্খলা বাহিনী। যশোরে ছাত্রদল নেতা ইব্রাহিমকে সকলের সামনে আইনশৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে গেছে। এখন পর্যন্ত তার কোনও খোঁজ নেই। আমরা অবিলম্বে ইব্রাহিমকে ফেরত দেয়ার দাবি করছি।
তিনি বলেন, হিরা মণির ওপর যারা নির্যাতন চালিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। করোনার মধ্যেও ছাত্রদল, যুবদলের নেতাকর্মীকে গ্রেফতার করা হচ্ছে। করোনার মধ্যেও বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ত্রাণ বিতরণ করেছে। এসময় ছাত্রদল যুবদলের নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করা হচ্ছে। নির্যাতন করা হচ্ছে, কারাগারে পাঠানো হচ্ছে। এরকম চলতে থাকলে করোনার মধ্যেও আমরা রাস্তায় আন্দোলন গড়ে তুলবো।
এর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৯তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ২৯ নং ওয়ার্ড, ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত কাউন্সিলর প্রার্থী লিটন মাহমুদ বাবুর তত্ত্বাবধানে খাবার বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুহুল কবির রিজভী আহমেদ।



