স্পোর্টেইনমেন্ট

দিল্লির আদালতে আইপিএল বন্ধের আবেদন

রাজধানী দিল্লিসহ ভারতজুড়ে আইপিএলের সব ম্যাচ বন্ধের দাবি তুলে দিল্লি হাইকোর্টে আবেদন করলেন আইনজীবী করন এস ঠুকরাল। ভয়াবহ পরিস্থিতিতে দাঁড়িয়েও সরকার মানুষের স্বাস্থ্য অপেক্ষা আইপিএল’কে কেন অগ্রাধিকার দিচ্ছে, এমন অভিযোগ করেছেন আইনজীবী ঠুকরাল।

পিটিশনে বলা হয়েছে, ‘ভারতের রাজধানী শহরে যখন সাধারণ মানুষ হাসপাতালে বেড পাচ্ছে না, শেষকৃত্যের জন্য শ্মশানে স্থান সংকুলান হচ্ছে না, মুমূর্ষু রোগীর জন্য অক্সিজেনের এবং ওষুধের আকাল সেখানে আইপিএলের ম্যাচ সাধারণ মানুষের মানসিক স্থিতি নষ্ট করছে। বিশেষ করে যারা তাদের প্রিয়জনদের জীবন বাঁচাতে উদ্যত। ’

পিটিশনে আরও বলা হয়েছে, ভয়াবহ বিপর্যয়ের মধ্যে এই উদাসীনতা রাজ্য সরকারের অসংবেদনশীলতার পরিচায়ক এবং ক্রমেই তারা মানুষের আস্থা হারাচ্ছেন এই ঘটনায়। মহামারীকে আটকাতে সরকারের বেপরোয়া এবং উদাসীন মনোভাব এটাই প্রমাণ করে যে সরকার অন্ধ হয়ে বসে রয়েছে। সবমিলিয়ে পিটিশনারদের কথায়, এই সময় আইপিএল আয়োজন মানে সাধারণ মানুষের চরম দুর্গতিকে বিদ্রুপ করা। আগামীকাল বুধবার (৫ মে) দিল্লি হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আবেদনের ভিত্তিতে শুনানির দিন ধার্য করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button