স্পোর্টেইনমেন্ট

তৃতীয় স্থানের লড়াইয়ে আজ মাঠে নামছে ক্রোয়েশিয়া-মরক্কো

কাতার বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে আজ (শনিবার) মুখোমুখি লড়বে ক্রোয়েশিয়া-মরক্কো।

বাংলাদেশ সময় রাত নয়টায়, খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।

প্রথম সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে ৩-০ ব্যবধানে হেরে বিশ্বজয়ের স্বপ্ন শেষ হয়ে গেছে লুকা মদ্রিচদের। অন্যদিকে ফ্রান্সের কাছে ২-০ গোলে হেরে থেমেছে এবার ইতিহাসের পাতায় নাম লেখানো মরক্কো।

আফ্রিকার প্রথম দেশ হিসেবে সেমিফাইনাল খেলেছে মরক্কো। চাওয়ার চেয়েও এবার অনেক বেশি অর্জন করেছে ওয়ালিদ রেগ্রাগুইয়ের দল।

ওয়ালিদ বলেন, ‘যদি ভিন্ন কিছু হতো আর আমরা ফাইনালে খেলতাম, তবে ভালো লাগতো। তবে এখন আমাদের আরেকটি ম্যাচ খেলতে হবে। আমি জানি, চতুর্থ হয়ে শেষ করার চেয়ে তৃতীয় হওয়াটা কত গুরুত্বপূর্ণ।’

ক্রোয়েশিয়ার কোচ জ্লাতকো দালিচও এই ম্যাচটিকে বেশ গুরুত্বের সঙ্গে নিচ্ছেন। তিনি বলেন, ‘আমাদের জন্য এটা বড় ফাইনাল, বড় ম্যাচ এবং মেডেলের জন্য লড়াই।’

উল্লেখ্য, চলতি বিশ্বকাপে একই গ্রুপে থাকায় গ্রুপ পর্বেই একবার মুখোমুখি হয়েছিল এই দুই দল। ‘এফ’ গ্রুপের সেই ম্যাচটি গোলশূন্য সমতায় শেষ হয়েছিল।

এই বিশ্বকাপের আগে একবারই এই দুই দল একে অন্যের বিপক্ষে খেলেছিল। ১৯৯৬ সালে কিং হাসান ইন্টারন্যাশনাল কাপের সেমি-ফাইনালে নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ২-২ গোলে ড্রয়ের পর টাইব্রেকারে ৭-৬ গোলে জিতেছিল ক্রোয়েশিয়া।

Related Articles

Leave a Reply

Back to top button