টিপু হত্যায় অভিযুক্ত মুসাকে দেশে আনা হয়েছে

রাজধানীর শাহজাহানপুরে মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু হত্যার অন্যতম সন্দেহভাজন ও পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত সুমন সিকদার ওরফে মুসাকে ওমান থেকে ফেরত আনা হয়েছে। গোয়েন্দা পুলিশের সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
আজ বৃহস্পতিবার (৯ জুন) সকাল সাড়ে ১০টায় মুসাকে ঢাকায় আনা হয়েছে বলে গোয়েন্দা পুলিশ নিশ্চিত করেছে। এর আগে ওমানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মুসাকে আটক করে।
প্রসঙ্গত, গত ২৪ মার্চ রাত ১০টার দিকে শাহজাহানপুরের আমতলা এলাকায় অস্ত্রধারীর গুলিতে নিহত হন গাড়িতে থাকা মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক টিপু। এলোপাতাড়ি গুলিতে আহত হন গাড়ির পাশে রিকশায় থাকা ২৪ বছর বয়সী কলেজছাত্রী প্রীতি।
পরদিন টিপুর স্ত্রী ফারজানা ইসলাম ডলি মামলা করেন। মামলায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করা হয়। গত ২৬ মার্চ রাতে বগুড়া থেকে শুটার মাসুম মোহাম্মদ ওরফে আকাশকে গ্রেপ্তার করে ডিবি। ২৮ মার্চ তাকে সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আদেশ দেন আদালত।



