টিকটক-পাবজি-লাইকি ও ফ্রি ফায়ার বন্ধে হাইকোর্টে রিট

অনলাইন প্ল্যাটফর্ম টিকটক, বিগো লাইভ, পাবজি, ফ্রি ফায়ার ও লাইকির মতো বিভিন্ন গেম ও অ্যাপ বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুন) হাইকোর্টে জনস্বার্থে গেম ও অ্যাপগুলো বন্ধে, মানবাধিকার সংগঠন ‘ল অ্যান্ড লাইফ’ফাউন্ডেশনের পক্ষে রিট করেন সুপ্রিম কোর্টের দুই আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব ও মোহাম্মদ কাউছার।
রিটে বিবাদী করা হয়েছে, ডাক ও টেলিযোগাযোগ সচিব, বিটিআরসি চেয়ারম্যান, শিক্ষা সচিব, স্বরাষ্ট্র সচিব, আইন মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য সচিব, পুলিশের মহাপরিদর্শক (ডিজি), বাংলাদেশ ব্যাংক, মোবাইল অপারেটর, বিকাশ ও নগদকে।
জনস্বার্থে গত ১৯ জুন গেম ও অ্যাপগুলো থেকে যুব সমাজ ও শিশু-কিশোররা কিভাবে প্রতিকার পাবে তা জানতে চেয়ে লিগ্যাল নোটিশে পাঠানো হয়। নোটিশের কোনো সদোত্তর বা কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ না নেওয়ায় আজ বৃহস্পতিবার রিট করেন আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব ও মোহাম্মদ কাউছার।
রিটে বলা হয়েছে, পাবজি ও ফ্রি ফায়ারের মতো গেমে বাংলাদেশের যুব সমাজ এবং শিশু-কিশোররা ব্যাপকভাবে আসক্ত হয়ে পড়েছে। ফলে সামাজিক মূল্যবোধ, শিক্ষা, সংস্কৃতি বিনষ্ট হচ্ছে এবং ভবিষ্যৎ প্রজন্ম হয়ে পড়ছে মেধাহীন।
দেশের অনলাইন প্ল্যাটফর্ম থেকে টিকটক, বিগো লাইভ, পাবজি, ফ্রি ফায়ার গেম ও লাইকির মতো সকল প্রকার অনলাইন গেম ও অ্যাপ বন্ধে সরকারকে নির্দেশনা দিতে আর্জি জানানো হয়েছে।



