
◉➤ বাংলাদেশের অর্থনীতি বর্তমানে এক গভীর কাঠামোগত সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। কাগজে-কলমে বিপুল সম্ভাবনা থাকলেও উচ্চ মূল্যস্ফীতি, আর্থিক বা ব্যাংক খাতের চরম ভগ্নদশা, তলানিতে থাকা রাজস্ব আদায় এবং শম্বুক গতির কাঠামোগত সংস্কার— এই চার প্রধান ঝুঁকির কারণে প্রবৃদ্ধির চাকা ক্রমশ ধীর হচ্ছে।
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর বুধবার (০৮ জুলাই) প্রকাশিত ‘ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক আপডেট-জুলাই ২০২৬’ শীর্ষক প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতির এই উদ্বেগজনক চিত্র উঠে এসেছে। শুধু অভ্যন্তরীণ অব্যবস্থাপনাই নয়; মধ্যপ্রাচ্যের সংঘাত, জ্বালানি বাজারের অস্থিরতা, বৈশ্বিক বাণিজ্যের অনিশ্চয়তা এবং বিনিয়োগের ওপর চলমান চাপ দেশের অর্থনীতিকে আরও খাদের কিনারায় ঠেলে দিচ্ছে বলে সংস্থাটি সতর্ক করেছে।
আইএমএফের পূর্বাভাস অনুযায়ী, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির শ্লথগতি একটি দীর্ঘমেয়াদি রূপ নিতে যাচ্ছে। সংস্থাটি ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি ৪ দশমিক ৭ শতাংশ প্রাক্কলন করেছে, যা ২০২৬-২৭ অর্থবছরে আরও কমে ৪ দশমিক ৩ শতাংশে নেমে আসতে পারে।
বৈশ্বিক অর্থনীতির চিত্রও খুব একটা আশাব্যঞ্জক নয়; আইএমএফের সর্বশেষ আপডেটে ২০২৬ সালের বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস এপ্রিলে দেওয়া ৩ দশমিক ১ শতাংশ থেকে কমিয়ে ৩ শতাংশে নামিয়ে আনা হয়েছে।
সংস্থাটি মনে করছে, বাংলাদেশের মতো রপ্তানিনির্ভর অর্থনীতির জন্য বর্তমান বৈশ্বিক পরিস্থিতি বিশেষভাবে উদ্বেগজনক। বিশ্ববাজারে চাহিদা কমে গেলে তৈরি পোশাকসহ প্রধান রপ্তানি খাতগুলো মারাত্মক চাপের মুখে পড়বে, পাশাপাশি আন্তর্জাতিক বাজারে জ্বালানি ও খাদ্যপণ্যের দাম বাড়লে দেশের আমদানি ব্যয় ও মূল্যস্ফীতির ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হবে।

আইএমএফ অত্যন্ত সংযত ভাষায় ‘আর্থিক খাতের দুর্বলতা’র কথা বললেও, দেশের সামষ্টিক অর্থনীতির মূল সংকটগুলো আরও অনেক বেশি গভীর।
অর্থনীতিবিদ ও বাজার বিশ্লেষকদের মতে, ব্যাংক খাতে সুশাসনের অভাব এবং খেলাপি ঋণের পাহাড় দেশের বিনিয়োগ পরিবেশকে রীতিমতো শ্বাসরুদ্ধ করে রেখেছে। কাগজে-কলমে খেলাপি ঋণ পুনঃতফসিলীকরণের নামে যে ছাড় দেওয়া হচ্ছে, তা মূলত ইচ্ছাকৃত ঋণখেলাপিদেরই সুরক্ষা দিচ্ছে।
এর বাইরেও মূলধন পাচার বা ক্যাপিটাল ফ্লাইট বর্তমান অর্থনীতির সবচেয়ে নীরব কিন্তু ভয়ংকর ঘাতক। ওভার-ইনভয়েসিং ও আন্ডার-ইনভয়েসিংয়ের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ দেশ থেকে বেরিয়ে যাওয়ায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ ক্রমাগত কমছে।
একই সঙ্গে গত এক দশকে নেওয়া মেগা প্রকল্পগুলোর গ্রেস পিরিয়ড শেষ হয়ে আসায় বিদেশি ঋণের কিস্তি পরিশোধের চাপ তৈরি হয়েছে, যা রিজার্ভের সংকটকে আরও ঘনীভূত করছে। এছাড়া, জিডিপি বাড়লেও সেই অনুপাতে কর্মসংস্থান তৈরি না হওয়া এবং জ্বালানি সংকটের কারণে শিল্প-কারখানার উৎপাদনে স্থবিরতা দেশের সামগ্রিক অর্থনীতিকে পঙ্গু করে দিচ্ছে।
এই বহুমুখী সংকট থেকে উত্তরণে আইএমএফ বেশ কিছু কাঠামোগত সংস্কারের তাগিদ দিয়েছে। দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধির জন্য সংস্থাটি রাজস্ব আহরণ বৃদ্ধি এবং কর-জিডিপি অনুপাত উন্নত করার ওপর জোর দিয়েছে। তবে এর জন্য শুধু বিদ্যমান করদাতাদের ওপর চাপ না বাড়িয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্পূর্ণ ডিজিটালাইজেশন এবং কর জাল সম্প্রসারণ জরুরি।

পাশাপাশি বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল রাখা, বিনিময় হারকে আরও বাজারভিত্তিক করা এবং শুধু তৈরি পোশাকের ওপর নির্ভর না করে রপ্তানি বহুমুখীকরণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। তবে সাধারণ মানুষের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে মূল্যস্ফীতি।
দীর্ঘস্থায়ী উচ্চ মূল্যস্ফীতি সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা কেড়ে নিচ্ছে। বাজার বিশ্লেষকরা বলছেন, কেবল পলিসি রেট বাড়িয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সম্ভব নয়; এর জন্য বাজারে সিন্ডিকেটের দৌরাত্ম্য ভাঙতে হবে এবং সরবরাহ ব্যবস্থাকে চাঁদাবাজিমুক্ত করতে হবে।
আইএমএফের এই প্রতিবেদন নিয়ে বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক আবু আহমেদ মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তাঁর মতে, বাংলাদেশের প্রবৃদ্ধির পূর্বাভাস অপরিবর্তিত থাকা সাময়িক স্থিতিশীলতার ইঙ্গিত দিলেও, সার্বিক বিবেচনায় এটিকে কোনোভাবেই সন্তোষজনক বলা যায় না।
তিনি মনে করেন, উচ্চপ্রবৃদ্ধির ধারায় ফিরতে হলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি, ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি এবং জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার কোনো বিকল্প নেই। কাঠামোগত সংস্কারের গতি না বাড়ালে এবং ব্যবসাবান্ধব পরিবেশ উন্নত করতে না পারলে আগামী দিনগুলোতে অর্থনীতিকে আরও কঠিন মূল্য চোকাতে হবে।
নিউজ নাউ বাংলা/ কেএসসি/ জেডআরসি/ ০৯ জুলাই ২০২৬



