করোনায় মৃত্যু দুইশ’ ছাড়ালো, নতুন ৭০৯সহ মোট আক্রান্ত ১৩ হাজার

গত ২৪ ঘণ্টায় করোনা রোগী আক্রান্ত হয়েছেন ৭০৯ জন। এ নিয়ে এখন পর্যন্ত মোট আক্রান্ত হলেন ১৩ হাজার ১৩৪ জন। মারা গেছেন আরও ৭ জন। এ নিয়ে মৃতের সংখ্যা ২০৬ । এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৯১ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন দুই হাজার ১০১ জন।
শুক্রবার (৮ মে) দুপুরে, করোনা ভাইরাস সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে ভিডিও কনফারেন্সে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।
তিনি বলেন, মৃত সাত জনের মধ্যে পাঁচ জন পুরুষ ও দুই জন নারী। তাদের মধ্যে একজনের বয়স ৯০ বছরের বেশি, দু’জনের ৭১-৮০ বছরের মধ্যে, দু’জনের ৬১-৭০ বছরের মধ্যে এবং ৫১-৬০ বছরের মধ্যে আছেন দু’জন।
নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় নুমনা সংগ্রহ করা হয়েছে পাঁচ হাজার ৭০৭ টি।
এ সময় তিনি জানান ৩৫টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৫ হাজার ৯৪১টি। নতুন যোগ হয়েছে নারায়ণগঞ্জের ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল।
ডা. সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় যে ১৯১ জন সুস্থ হয়েছেন তাদের মধ্যে বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, সর্বাধিক সুস্থ হয়েছে রাজশাহী বিভাগের হসপিটালগুলোতে ৪৭ জন, চট্টগ্রামে বিভাগের হসপিটালগুলো থেকে ২৩ জন ও ঢাকা বিভাগের হসপিটালগুলো থেকে ২২ জন, খুলনা ডিভিশন থেকে ১০ জন, শেখ রাসের গ্যাস্টোলিভার হসপিটাল থেকে ১৪ জন এবং ঢাকা সিটি করপোরেশনের আওতায় যেসব হসপিটাল আছে সেখানে কুয়েত মৈত্রী হসপিটাল থেকে ১৫ জন, কুর্মিটোলা হসপিটাল থেকে ১৫ জন, রিজেন্ট হসপিটাল থেকে ২ জন, সাজেদা ফাউন্ডেশন নারায়ণগঞ্জ থেকে ৮ জন। এছাড়া রাজারবাগ পুলিশ লাইন হসপিটাল থেকে ১৮ জন সুস্থ হয়েছেন।



